প্রস্তাবিত সংশোধনীতে মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা করছে এইচআরএসএস

হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাইবার সুরক্ষা (সংশোধন) আইনের প্রস্তাবিত সংশোধনীতে মতপ্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, ব্যক্তিগত গোপনীয়তা ও নাগরিক অধিকার সুরক্ষার ক্ষেত্রে বেশ কিছু উদ্বেগজনক বিধান রয়ে গেছে বলে মনে করছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। সংগঠনটি বলছে, খসড়ার ৮–এর (২), ২৫–এর ক, খ, ২৬–এর ক, ২৯, ৪৬ ও ৪৬–এর ক ধারাসহ তদন্ত, তল্লাশি, জব্দ ও গ্রেপ্তারসংক্রান্ত বিধানগুলো যথাযথভাবে পর্যালোচনা ও সংশোধন করা প্রয়োজন।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইচআরএসএস এই উগ্বেগ প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাইবার নিরাপত্তা নিশ্চিত করার নামে যেন নাগরিকের সাংবিধানিক অধিকার ও গণতান্ত্রিক পরিসর সংকুচিত না হয়, তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। প্রস্তাবিত সংশোধনী পুনর্বিবেচনা করে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, নাগরিকবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সাইবার সুরক্ষা আইন প্রণয়নেরও আহ্বান জানিয়েছে সংগঠনটি।

এইচআরএসএস মনে করে, একটি গণতান্ত্রিক ও মানবাধিকারভিত্তিক রাষ্ট্রে ডিজিটাল নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতার সুরক্ষা সমানভাবে গুরুত্বপূর্ণ। তারা সাইবার অপরাধ প্রতিরোধের নামে যেন ভিন্নমত দমন, সাংবাদিকতা নিয়ন্ত্রণ, নাগরিক হয়রানি কিংবা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের সুযোগ সৃষ্টি না হয়, তা নিশ্চিত করার ওপর জোর দিয়েছে।

আরও পড়ুন

সরকারের প্রতি ১১টি সুপারিশ

এর মধ্যে রয়েছে প্রস্তাবিত খসড়ায় থাকা সব বিতর্কিত ধারা সংবিধানের ৩৯ অনুচ্ছেদ এবং আন্তর্জাতিক মানবাধিকার সনদ ও আইসিসিপিআরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে সংশোধন করা; সাইবার স্পেসে মানহানির ফৌজদারি বিধান বাদ দিয়ে দেওয়ানি প্রতিকারকে অগ্রাধিকার দেওয়া এবং জনস্বার্থে প্রকাশিত সংবাদ, তথ্য ও সমালোচনার সুরক্ষা নিশ্চিত করা; গুজব ও অপতথ্যসংক্রান্ত অপরাধের সংজ্ঞা সুনির্দিষ্ট করে কেবল ভুল তথ্য প্রকাশের কারণে কাউকে ফৌজদারি অপরাধে অভিযুক্ত করার সুযোগ না রাখা; রাজনৈতিক ব্যঙ্গ, কার্টুন, মতামত, সরকারের সমালোচনা, অনুসন্ধানী সাংবাদিকতা ও শান্তিপূর্ণ ভিন্নমত প্রকাশকে আইনের অপব্যবহার থেকে সুরক্ষা দেওয়া; অনলাইন কনটেন্ট ব্লক বা অপসারণের ক্ষেত্রে স্বাধীন বিচারিক অনুমোদন, স্বচ্ছতা, লিখিত কারণ দর্শানো এবং দ্রুত আপিলের সুযোগ নিশ্চিত করা; মতপ্রকাশ-সম্পর্কিত অপরাধগুলো জামিনযোগ্য করা এবং নির্বিচার গ্রেপ্তার ও হয়রানিমূলক মামলা প্রতিরোধে কার্যকর আইনি সুরক্ষা নিশ্চিত করা; তল্লাশি, ডিজিটাল ডিভাইস জব্দ ও গ্রেপ্তারের ক্ষেত্রে আদালতের যথাযথ তদারকি, ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ বাধ্যতামূলক করা এবং নিবন্ধিত সংবাদমাধ্যমের পাশাপাশি সাংবাদিক, মানবাধিকারকর্মী, গবেষক, অনলাইন কনটেন্ট নির্মাতা ও সাধারণ নাগরিকের জন্য সমানভাবে মতপ্রকাশের অধিকার ও আইনি সুরক্ষা নিশ্চিত করা।