পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যায় দণ্ডিতদের ডেথ রেফারেন্সের ওপর হাইকোর্টে শুনানি শুরু
রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা মামলায় আসামিদের মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন (ডেথ রেফারেন্স) ও জেল আপিলের ওপর হাইকোর্টে শুনানি শুরু হয়েছে।
বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই শুনানি গ্রহণ করছেন। রাষ্ট্রপক্ষ শুনানি করছে।
নৃশংস এই ঘটনার পাঁচ মাস ২৮ দিনের মাথায় আইনিপ্রক্রিয়ার দ্বিতীয় ধাপে উচ্চ আদালতে মামলাটির শুনানি শুরু হলো।
মামলায় আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে গত ৭ জুন রায় দেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। পাশাপাশি আসামি সোহেলকে পাঁচ লাখ ও স্বপ্নাকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেন ট্রাইব্যুনাল।
ঘটনার ১৯ দিনের মাথায় এই রায় দেন বিচারিক আদালত।
ফৌজদারি মামলায় বিচারিক আদালতের রায়ে কোনো আসামির মৃত্যুদণ্ড হলে তা কার্যকরে হাইকোর্টের অনুমোদন লাগে। এটি ‘ডেথ রেফারেন্স’ মামলা হিসেবে পরিচিত। পাশাপাশি দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে আসামিদের জেল আপিল, নিয়মিত আপিল ও বিবিধ আবেদন করার সুযোগ রয়েছে।
মামলায় আসামিদের মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের (ডেথ রেফারেন্স) জন্য বিচারিক আদালতের রায়সহ যাবতীয় নথিপত্র গত ৯ জুন হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পৌঁছে। এটি ডেথ রেফারেন্স হিসেবে নম্বরভুক্ত হয়।
বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে কারা কর্তৃপক্ষের মাধ্যমে গত ১১ জুন পৃথক জেল আপিল করেন সোহেল ও স্বপ্না।
হাইকোর্টের অপর একটি দ্বৈত বেঞ্চে গত ১৪ জুন জেল আপিল দুটির গ্রহণযোগ্যতার ওপর শুনানি হয়। সেদিন হাইকোর্টের একই বেঞ্চ জেল আপিল দুটি শুনানির জন্য গ্রহণ করেন।
শুনানির পূর্বপ্রস্তুতি হিসেবে মামলায় পেপারবুক (মামলার বৃত্তান্ত) প্রস্তুত করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল ও স্বপ্নার পক্ষে রাষ্ট্রনিযুক্ত হিসেবে আইনজীবী (স্টেট ডিফেন্স ল’ইয়ার) নিয়োগ দেওয়া হয়।
আগের ধারাবাহিকতায় আসামিদের ডেথ রেফারেন্স ও জেল আপিল আদালতের আজকের কার্যতালিকায় শুনানির জন্য দুই নম্বর ক্রমিকে ওঠে।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ওসমান চৌধুরী। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির এবং দুই আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. হাফিজুর রহমান খান উপস্থিত রয়েছেন।
রাষ্ট্রপক্ষ শুনানি শুরু করেছে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির।
শিশুটি ধর্ষণ ও হত্যার শিকার হয় গত ১৯ মে। এ ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় মামলা করেন।