পোশাকশ্রমিদের মজুরির দাবি মেনে নেওয়ার আহ্বান বিভিন্ন সংগঠনের
পোশাকশ্রমিকদের ন্যায্য মজুরির দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের জোট ও নেতারা। তাঁরা শ্রমিক নিহত হওয়ার বিচার দাবি করেছেন। বুধবার এই দাবিতে তাঁরা মিছিল ও সমাবেশ করেন। শ্রমিকদের সমর্থনে বিবৃতি দিয়েছে রাজনৈতিক জোট ও সংগঠনও।
গার্মেন্টস ওয়ার্কার্স অ্যালায়েন্স
মজুরি বোর্ডের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ৬৫টি গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের জোট গার্মেন্টস ওয়ার্কার্স অ্যালায়েন্স বাংলাদেশ। সেখানে শ্রমিকনেতা নঈমুল আহসানের সভাপতিত্বে ও আবুল হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন শ্রমিকনেতা আহসান হাবিব, আবদুল ওয়াহেদ, শিরিন আক্তার প্রমুখ।
বক্তারা মূল বেতন (বেসিক) ৬৫ শতাংশ বৃদ্ধি এবং ৫টি গ্রেডে ন্যূনতম ২৩ হাজার টাকা মজুরি নির্ধারণ করে অবিলম্বে মজুরি রোয়েদাদ ঘোষণা করার দাবি জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পল্টন মোড় ঘুরে জাতীয় প্রেসক্লাবের সামনে শেষ হয়।
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র
মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে আন্দোলনরত পোশাকশ্রমিকদের ওপর পুলিশের হামলা ও গুলিতে শ্রমিক নিহত হওয়ার কথা উল্লেখ করে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)। বুধবার সংগঠনটির সভাপতি সহিদুল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা অবিলম্বে শ্রমিক নিহত হওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিয়ে এই শিল্পকে রক্ষা করতে সরকারের প্রতি আহ্বান জানান।
বাম গণতান্ত্রিক জোট
পোশাকশ্রমিকদের ন্যায্য মজুরির দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। বুধবার যৌথ বিবৃতিতে তাঁরা এ দাবি জানান।
বিবৃতিতে তাঁরা বলেন, সম্প্রতি মজুরি বোর্ডের সভায় মালিকেরা যে বেতনকাঠামো প্রস্তাব করেছেন, তা শুধু অগ্রহণযোগ্যই নয়; এটা শ্রমিকদের জন্য অপমানজনক। কয়েক দিন ধরে পোশাকশ্রমিকেরা তাঁদের মজুরি বৃদ্ধির দাবিতে রাস্তায় নেমেছেন। ইতিমধ্যে দুজন শ্রমিক পুলিশের গুলিতে মারা গেছেন, অনেকে আহত হয়েছেন। নেতারা কালক্ষেপণ না করে অবিলম্বে শ্রমিকদের ন্যায্য মজুরির দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।
এই যৌথ বিবৃতি দিয়েছেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাসদের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আবদুল আলী।
এবি পার্টি
ন্যায্য মজুরিসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের ওপর হামলা ও তিনজন শ্রমিকের মৃত্যুর কথা উল্লেখ করে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে এবি পার্টির যুগ্ম আহ্বায়ক মেজর (অব.) আবদুল ওহাব মিনার বলেন, শ্রমিকদের রক্তের বিনিময়ে রেমিট্যান্স এলেও তাঁদের অধিকার ও ন্যায্য বেতন নিশ্চিত করা হচ্ছে না; বরং মালিকপক্ষ ও স্বৈরাচারী সরকার অকৃতজ্ঞ আচরণ করছে। শ্রমিকদের ন্যায্য অধিকারের প্রতি এবি পার্টির দৃঢ় সমর্থন রয়েছে। অবিলম্বে ন্যূনতম মজুরি মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে ২৫ হাজার টাকা করার দাবি জানান তিনি। পাশাপাশি হতাহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া এবং তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত সময়ের মধ্যে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।