পুরান ঢাকার ডিআইটি পুকুর দখলমুক্ত করা হবে: মেয়র তাপস
পুরান ঢাকার গেন্ডারিয়ার ডিআইটি পুকুর দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, পর্চা অনুযায়ী, মানচিত্র অনুযায়ী পুকুরের যে সীমানা, তা নির্ধারণ করে দখলমুক্ত করে সৌন্দর্যবর্ধন করা হবে।
আজ বুধবার দুপুরে রাজধানী সুপার মার্কেটসংলগ্ন এলাকায় গণমাধ্যমকর্মীদের মেয়র শেখ ফজলে নূর তাপস এসব কথা বলেন। আজ তিনি মেয়র মোহাম্মদ হানিফ উড়ালপথের নিচে সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে গৃহীত কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সরেজমিন পরিদর্শন করেন। এরপরই তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন।
ঢাকা দক্ষিণ সিটির মেয়র বলেন, ওই জমিটা (ডিআইটি পুকুর) সম্পত্তি বিভাগকে জরিপ করতে বলা হয়েছে। তারা জরিপ করে দেখবে।
জমিটার স্বত্ব অনেকেই দাবি করছেন উল্লেখ করে মেয়র বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখে আমরা রাজউকের সঙ্গে কথা বলে সেটা সংরক্ষণের ব্যবস্থা নেব। কেউ এটা দখল করতে পারবে না। আমরা পুরোটা আবার দখলমুক্ত করে পর্চা অনুযায়ী, মানচিত্র অনুযায়ী পুকুরের যে সীমানা, তা নির্ধারণ করে দখলমুক্ত করব এবং সেখানে সৌন্দর্যবর্ধন করব।’
বিভিন্ন সংস্থার কাছে থাকা জলাশয়, পুকুর আইন অনুযায়ী করপোরেশনের কাছে হস্তান্তর না করায় দখলের আগ্রাসন বেড়ে যাচ্ছে উল্লেখ করে মেয়র শেখ তাপস বলেন, রাজউককে এটা দখলমুক্ত করতে অথবা সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করতে বলা হয়েছিল। কারণ, সব জলাশয়-পুকুর সংরক্ষণ করা সিটি করপোরেশনের দায়িত্ব-কর্তব্য। হস্তান্তর না করার কারণে সিটি করপোরেশন ত্বরিত ব্যবস্থা নিতে চাইলেও তা সম্ভব হচ্ছে না।
খিলগাঁওয়ের তালতলা ঝিলও দখল হচ্ছে উল্লেখ করে মেয়র বলেন, ‘সেটাও কিন্তু আমাদের কাছে হস্তান্তর করার জন্য আমরা গণপূর্তের কাছে আবেদন করে বসে আছি। সেটাও দখল হচ্ছে। দিনে দিনে দখলের আগ্রাসন আরও বেড়ে যাচ্ছে।’
জনগণের চাহিদা ও প্রয়োজনীয়তা বিবেচনায় উড়ালপথের নিচে সৌন্দর্যবর্ধন করা হবে জানিয়ে ঢাকা দক্ষিণের মেয়র বলেন, এই উড়ালপথের নিচে যে পরিবেশ রয়েছে, সেটাকে কীভাবে উন্নয়ন করা যায়, তা ঢাকাবাসীর অনেক দিনের প্রাণের দাবি।