রানা প্লাজা ধসের বিচারে ধীরগতিতে হতাশ শ্রমিক নেতারা
দীর্ঘ ১০ বছরেও রানা প্লাজা ধসের জন্য দায়ী ব্যক্তিদের বিচার না হওয়ায় হতাশা ব্যক্ত করেছে যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্ক। সোমবার বিকেলে চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড় চত্বরে এক সমাবেশে সংগঠনটির নেতারা এ হতাশা ব্যক্ত করেন।
চট্টগ্রাম যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্কের অন্যতম সংগঠক লুৎফুন্নাহার সোনিয়ার সভাপতিত্বে এবং চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক মো. হাসান মাহমুদের সঞ্চালনায় সমাবেশে শ্রমিক নেতা এএম নাজিম উদ্দিন, রিজওয়ানুর রহমান খান, ফজলুল কবির, উজ্জ্বল বিশ্বাস, ইকবাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, রানা প্লাজা ধসের মামলার প্রধান আসামি সোহেল রানার কয়েক দিন আগে জামিন আদেশ দেওয়া হয়। সারা দেশের শ্রমজীবী মানুষের ব্যাপক প্রতিবাদের মুখে জমিন স্থগিত করা হলেও শ্রমজীবী মানুষ স্বস্তিতে নেই। কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেই।
সমাবেশে বলা হয়, ২০১৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ইতিহাসে এক ভয়াবহতম দিন। ওই দিন রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৭ জন শ্রমিক নিহত, ১ হাজার ৫২৪ জন শ্রমিক আহত এবং ৭৮ জন শ্রমিক চিরতরে পঙ্গু হয়ে যান। কিন্তু দীর্ঘ ১০ বছরেও রানা প্লাজা ধসের জন্য দায়ী ব্যক্তিদের বিচার করা সম্ভব হয়নি।
এ সময় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন ১২১ অনুসরণ করে কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান ট্রেড ইউনিয়নের নেতারা।