সৃষ্টিমুখর এক মানুষের নাম স্থপতি মোবাশ্বের হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্থপতি মোবাশ্বের হোসেনের স্মরণে সোমবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (আইএবি) মিলনায়তনে সভার আয়োজন করা হয়
ছবি: প্রথম আলো

মোবাশ্বের হোসেন ছিলেন একজন সৃষ্টিমুখর মানুষ। শুধু নিজের জন্য অর্থ উপার্জন করেননি তিনি, বিলিয়ে গেছেন মানুষের কল্যাণে। শারীরিকভাবে তিনি না থাকলেও তাঁর দেওয়া শিক্ষা রয়ে যাবে সবার মাঝে। স্থপতি মোবাশ্বের হোসেনের স্মরণসভায় তাঁকে এভাবেই মূল্যায়ন করেন বিশিষ্টজনেরা। সোমবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (আইএবি) মিলনায়তনে এ স্মরণসভা হয়।

২ জানুয়ারি রাতে মারা যান বীর মুক্তিযোদ্ধা, ক্রীড়া সংগঠক ও নাগরিক আন্দোলনের সরব ব্যক্তিত্ব মোবাশ্বের হোসেন। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী মরদেহ চিকিৎসা শিক্ষার কাজে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দান করা হয়।

মোবাশ্বের হোসেনের মৃত্যুতে স্থপতি ও শুভানুধ্যায়ীদের মধ্যে যে শোকের ছায়া নেমে এসেছে, সোমবার সন্ধ্যায় তেমন আবহই দেখা যায় আইএবি মিলনায়তনে। মোবাশ্বের হোসেনের মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে, প্রতীকীভাবে সেটি তুলে ধরতে মঞ্চে একটি চেয়ার ফাঁকা রাখা ছিল। সেই চেয়ারের পাশে দাঁড়িয়ে স্মৃতিচারণা করেন মোবাশ্বের হোসেনের ঘনিষ্ঠজনেরা। স্মৃতিচারণা করতে গিয়ে কেউ কেউ চোখের জলও মোছেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, দেশ ও জাতি একজন নির্ভীক মানুষকে হারিয়েছে। আজকাল সত্য বলার মতো মানুষ নেই বললেই চলে। তিনি ছিলেন সত্যবাদী ও ন্যায়পরায়ণ।

মোবাশ্বের হোসেনের নামে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় একটি সড়কের নামকরণ এবং প্রতিবছর মিরপুরে পথশিশুদের নিয়ে স্থপতি মোবাশ্বের হোসেন ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দেন মেয়র।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক স্থপতি শামসুল ওয়ারেস বলেন, টাকা হলেই সব নিজের কাছে রাখতে হয় না, ভালো কাজের জন্য দান করতে হয়—এই নীতির নিদর্শন ছিলেন স্থপতি মোবাশ্বের হোসেন। প্রয়াত এই স্থপতির জীবন নিয়ে একটি স্মরণিকা প্রকাশের আহ্বান জানান তিনি।

শোক জানিয়ে মোবাশ্বের হোসেনের স্মরণসভায় ভিডিও বার্তা পাঠিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের স্থপতিরা। অসুস্থতার কারণে আসতে না পারলেও বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ শোকবার্তা পাঠিয়েছেন। তাঁর পাঠানো বার্তা পড়ে শোনান সভার সঞ্চালক ও আইএবির সহসভাপতি (জাতীয় বিষয়াদি) স্থপতি মোহাম্মদ আলী নকী। শোকবার্তায় আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, মোবাশ্বের হোসেন ছিলেন বুদ্ধিদীপ্ত, ইতিবাচক ও স্মৃষ্টিমুখর একজন মানুষ।

সভায় স্থপতি ইকবাল হাবিব বলেন, ‘যুগপৎ আন্দোলন কীভাবে করতে হয়, তার পথিকৃৎ ছিলেন মোবাশ্বের হোসেন। সত্য কথা বলা ও সাধারণ মানুষের হয়ে কথা বলার মানুষটি আর নেই। তাই আমাদের দায়িত্ব হচ্ছে সত্য ও সাধারণ মানুষের হয়ে কথা বলা।’

মোবাশ্বের হোসেনের জীবনকে ছোটগল্পের সঙ্গে তুলনা করে আইএবির সাবেক সভাপতি আবু সাঈদ এম আহমেদ বলেন, তিনি মারা গেছেন, কিন্তু তাঁর জীবনের শিক্ষা রয়ে গেছে। শুধু নিজের জন্য কোনো কিছু না করে সবার জন্য করলে, সবাইকে নিয়েই ওপরে ওঠা যায়—এ শিক্ষা তাঁর জীবন থেকে নিতে হবে।

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সদস্য সারা যাকের বলেন, মোবাশ্বের হোসেন ছিলেন একজন শিল্পী, প্রকৌশলী ও দেশপ্রেমিক। ঢাকা শহরকে তিনি যেভাবে দিয়ে গেছেন, তার তুলনা হয় না। মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠার স্মৃতিচারণা করে তিনি বলেন, ওই সময় অর্থ সংগ্রহের অংশ হিসেবে মোবাশ্বের হোসেন একটি অ্যাপার্টমেন্ট দান করেছিলেন।

মোবাশ্বের হোসেনের ছেলে তমাল হোসেন বলেন, তাঁর বাবা ছিলেন নিয়মানুবর্তী একজন মানুষ। ছেলে হিসেবে বাবার অস্পূর্ণ কাজের তালিকা করতে চান তিনি, যাতে সেই কাজগুলো শেষ করা যায়।

আইএবির সাধারণ সম্পাদক স্থপতি নবী নেওয়াজ খান বলেন, মোবাশ্বের হোসেন এক মৃত্যুঞ্জয়ীর নাম, এক স্বপ্নদ্রষ্টার নাম। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি আইএবিতে স্থপতি মোবাশ্বের হোসেনের নামে একটি কর্নার চালু করার ঘোষণা দেন।

স্মরণসভায় আইএবির বর্তমান সভাপতি অধ্যাপক খন্দকার সাব্বির আহমেদ, সাবেক সভাপতি কাজী গোলাম নাসির, সাবেক সাধারণ সম্পাদক ফারহানা শারমীন, স্থপতি খাদেম আলী, নাগরিক সংগঠন পরিবর্তন চাই-এর চেয়ারম্যান ফিদা হক প্রমুখ বক্তব্য দেন।