খাদিজাতুল কুবরার জামিন শুনানি মুলতবির নিন্দা ডিএসএ ভিকটিমস নেটওয়ার্কের
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরার জামিন শুনানি চার মাসের জন্য মুলতবি ঘোষণার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ‘ডিএসএ ভিকটিমস নেটওয়ার্ক’।
আজ বুধবার ডিএসএ ভিকটিমস নেটওয়ার্ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে অবিলম্বে খাদিজাতুল কুবরাকে মুক্তি দেওয়ার দাবি জানায়। একই সঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইনসহ সব নিবর্তনমূলক আইন অবিলম্বে বাতিলের দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিবর্তনমূলক আইনে ভুক্তভোগীর মুক্তি ও ক্ষতিপূরণ চেয়ে মিথ্যা মামলাকারীর শাস্তিও দিতে হবে। পাশাপাশি ভবিষ্যতে কোনো সরকার যেন এমন জনবিরোধী আইন করতে না পারে, সে জন্য সরকারের আইন করার একচ্ছত্র ক্ষমতাকাঠামোর সংস্কার চায় ডিএসএ ভিকটিমস নেটওয়ার্ক।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, খাদিজাতুল কুবরার বিরুদ্ধে মামলা করা, গ্রেপ্তার করা, মাসের পর মাস আটকে রাখা চরম মানবাধিকারবিরোধী। নিবর্তনমূলক ডিজিটাল নিরাপত্তা আইনে জামিন না দিয়ে আটকে রাখা কার্যত বর্তমান সরকারের সমালোচকদের মধ্যে ভয়ের সংস্কৃতি ছড়িয়ে দেওয়া ও নিপীড়নের এক ভয়াবহ উদাহরণ।