নির্বাচনে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে: নতুন মন্ত্রিপরিষদ সচিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন
ছবি: সংগৃহীত

নতুন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, নির্বাচনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতেই নির্বাচন করতে হবে। নির্বাচনে মাঠপর্যায় (মাঠ প্রশাসন) থেকে প্রয়োজনীয় সহযোগিতার সবটুকুই করা হবে।

মন্ত্রিপরিষদ হিসেবে দায়িত্ব নেওয়ার এক দিন পর আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নতুন মন্ত্রিপরিষদ সচিব এ কথা বলেন। গতকাল মঙ্গলবার দেশের ২৪তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পান মাহবুব হোসেন। সেদিনই তিনি যোগ দেন। মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিবের দায়িত্ব পালন করেন। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বও পালন করেছেন।

নতুন মন্ত্রিপরিষদ সচিব বলেন, চ্যালেঞ্জের সঙ্গে সুযোগও থাকে। যারা এই সুযোগকে ব্যবহার করতে পারে, তারা সফলভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে।

মাহবুব হোসেন সদ্য সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের স্থলাভিষিক্ত হয়েছেন। চাকরির স্বাভাবিক মেয়াদ শেষ করে কবির বিন আনোয়ার গতকাল থেকে অবসরোত্তর ছুটিতে গেছেন।

সরকারি সূত্রগুলো বলছে, কবির বিন আনোয়ার বর্তমান সরকারের খুবই আস্থাভাজন একজন কর্মকর্তা ছিলেন। গত মাসে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পাওয়ার সময় তিনি প্রশাসন ক্যাডারের জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন। তখন তাঁর চাকরির মেয়াদ শেষ হওয়ার কিছুদিন বাকি ছিল। এ অবস্থায় সরকার তাঁকে বেসামরিক প্রশাসনের শীর্ষ পদ থেকে অবসরে দিতে মন্ত্রিপরিষদ সচিব করেছিল বলে প্রশাসনে আলোচনা আছে। এমনকি প্রশাসনের কেউ কেউ মনে করছেন সরকার তাঁকে কোনো জায়গায় পদায়ন করতে পারে।

আরও পড়ুন

কবির বিন আনোয়ার গত ১০ ডিসেম্বর মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তবে যোগ দেন আরও কয়েক দিন পর। তিনি সদ্য সাবেক মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছিলেন। খন্দকার আনোয়ারুল অবসরোত্তর ছুটিতে গেছেন ১৫ ডিসেম্বর থেকে।

এর আগে গত মাসে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব পদেও পরিবর্তন আনা হয়েছে। নতুন মুখ্য সচিব হয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।

আরও পড়ুন