সিটি করপোরেশনগুলোতে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান আইপিডির
প্রশাসক দিয়ে নগরের টেকসই উন্নয়ন সম্ভব নয়—এমনটি উল্লেখ করে দ্রুত সিটি করপোরেশন ও পৌরসভা নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)। সংগঠনটি বলেছে, নির্বাচিত জনপ্রতিনিধির অভাবে নাগরিক সেবা স্থবির হয়ে পড়েছে।
শনিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে আইপিডি এসব কথা বলেছে।
আইপিডির নির্বাহী পরিচালক আদিল মুহাম্মদ খানের পাঠানো বিবৃতিতে বলা হয়, রাজধানী ঢাকা বিশ্বের অন্যতম অবাসযোগ্য নগরীতে পরিণত হয়েছে। একই চাপের মুখে রয়েছে চট্টগ্রাম, গাজীপুর, ময়মনসিংহ, কুমিল্লাসহ দ্রুত বিস্তৃত হওয়া শহরগুলো। অনিয়ন্ত্রিত নগরায়ণ, দুর্বল সেবা ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়হীনতায় নগর সংকট দিন দিন জটিল হচ্ছে।
বিবৃতিতে আইপিডি নগর উন্নয়নের জন্য ১২ দফা সুপারিশও দিয়েছে। এতে বলা হয়, নগর উন্নয়নে কেবল ব্যয়বহুল অবকাঠামো প্রকল্পকে অগ্রাধিকার দিলে সমস্যার স্থায়ী সমাধান হবে না; বরং স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে এলাকাভিত্তিক সমস্যা চিহ্নিত করতে হবে। এতে কম খরচে বাস্তবসম্মত সমাধান পাওয়া সম্ভব।
যানজট নিরসনে কেবল উড়ালসড়ক বা বড় অবকাঠামো নির্মাণের পরিবর্তে গণপরিবহনকেন্দ্রিক পরিকল্পনায় জোর দেওয়ার সুপারিশ করেছে আইপিডি। এ ছাড়া মেট্রোরেল, বিআরটি, আধুনিক বাসসেবা, বাস রুট রেশনালাইজেশন এবং পথচারীবান্ধব অবকাঠামো তৈরির কথা বলা হয়েছে।
আইপিডির সুপারিশে আরও রয়েছে নগরের ফুটপাত দখলমুক্ত করা, বৈধ হকারদের বায়োমেট্রিক নিবন্ধন, হারিয়ে যাওয়া খাল-নদী পুনরুদ্ধার করে স্বাভাবিক পানিনিষ্কাশনব্যবস্থা ফিরিয়ে আনা।
বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে সব সিটি করপোরেশন ও পৌরসভায় সমন্বিত টাস্কফোর্স গঠন, উৎসে বর্জ্য পৃথক্করণ, পুনর্ব্যবহার এবং জৈব বর্জ্য থেকে কম্পোস্ট সার উৎপাদনের উদ্যোগ নেওয়ারও সুপারিশ করেছে আইপিডি।
সংগঠনটি বলছে, নগর উন্নয়ন কার্যক্রমে সমন্বয়হীনতা দূর করতে সিটি করপোরেশন, উন্নয়ন কর্তৃপক্ষ ও অন্যান্য সেবা সংস্থার মধ্যে তথ্যনির্ভর ডিজিটাল ব্যবস্থাপনা কাঠামো গড়ে তুলতে হবে। পাশাপাশি পরিকল্পনা ও পরিবেশসংক্রান্ত অপরাধ দমনে বিশেষায়িত আদালত গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।