গ্রন্থাগারের শৌচাগারে আটকা, ৯৯৯–এ ফোন করে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯

অবসর সময়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের গণগ্রন্থাগারে বই পড়তে গিয়েছিলেন ব্যবসায়ী মোহাম্মদ একরাম। একপর্যায়ে শৌচাগারে যান তিনি। এর মধ্যে গ্রন্থাগারের প্রধান ফটকে তালা দিয়ে বের হয়ে যান কর্মীরা।

এদিকে শৌচাগার থেকে এসে গ্রন্থাগারের ভেতর কাউকে দেখতে না পেয়ে বাইরে বের হতে যান ওই ব্যবসায়ী। দেখেন, ফটক বন্ধ। এরপর জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোন করলে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে।

আজ সোমবার সন্ধ্যায় নগরের লালদীঘি পাড়ে অবস্থিত চট্টগ্রাম সিটি করপোরেশন পাবলিক লাইব্রেরিতে এ ঘটনা ঘটে। ছয়টায় গ্রন্থাগারটি বন্ধ হয়ে যায়। পুলিশ সাড়ে ছয়টায় এসে মোহাম্মদ একরামকে উদ্ধার করে।

এ ঘটনায় গ্রন্থাগারের কর্মীদের গাফিলতিতে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী মোহাম্মদ একরাম। তিনি প্রথম আলোকে বলেন, পঞ্চম তলায় গ্রন্থাগারের পাঠকক্ষ। ছয়তলায় শৌচাগার। গ্রন্থাগারের লোকজনের ফটক বন্ধ করার আগে উচিত ছিল, ভেতরে কেউ আছে কি না, তা দেখা। কিন্তু তাঁরা তা না করে তালা মেরে চলে গেছেন। দরজায় ধাক্কাধাক্কি করলেও বাইরে থেকে কারও সাড়া পাননি। তাই ৯৯৯ নম্বরে ফোন করেন। এরপর কোতোয়ালি থানা থেকে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে।

আরও পড়ুন

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সেলিম মিয়া প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশনের পাবলিক লাইব্রেরিতে এক ব্যক্তি আটকা পড়ার সংবাদ পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে যান। ফটক বন্ধ পেয়ে গ্রন্থাগারের কর্মকর্তাকে ফোন করে চাবি নিয়ে আসতে বলেন। পরে আটকা পড়া ব্যক্তিকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে জানতে মুঠোফোনে কল করলে ওই গ্রন্থাগারের সহকারী গ্রন্থাগারিক সৈয়দা পারভীন জানান, তিনি (সৈয়দা পারভীন) বাসার বাইরে আছেন।

আরও পড়ুন