প্রথমার আয়োজনে আইপিডিসি ফাইন্যান্সে চলছে প্রথম করপোরেট বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের স্বনামধন্য আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে প্রথম করপোরেট বইমেলায় আগ্রহী পাঠকেরা। আজ বুধবার গুলশানে
ছবি: প্রথম আলো

দেশের কর্মব্যস্ত সব অফিসকে বই পড়া এবং বই কেনায় উদ্বুদ্ধ করতে দেশে প্রথমবারের মতো করপোরেট বইমেলার আয়োজন করেছে প্রকাশনা সংস্থা প্রথমা। এই আয়োজনের প্রথম মেলাটি অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর গুলশানে দেশের স্বনামধন্য আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে।

দুই দিনব্যাপী এই মেলা শুরু হয়েছে আজ বুধবার, ২১ জুন। মেলার প্রথম দিনে আইপিডিসির প্রধান কার্যালয়ের কর্মীদের মধ্যে বিপুল উৎসাহ দেখা যায়। সারা দিনই প্রথমার স্টলে পাঠকদের উপচে পড়া ভিড় আর বই নিয়ে নানা আলোচনায় মেলা প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণচাঞ্চল্যমুখর।

প্রথমা প্রকাশন আয়োজিত প্রথম করপোরেট বইমেলায় বই দেখছেন আগ্রহী ব্যক্তিরা। আইপিডিসি ফাইন্যান্সের প্রধান কার্যালয়, গুলশান, ২১ জুন ২০২৩
ছবি: প্রথম আলো

এই মেলা আয়োজন করায় আইপিডিসি ফাইন্যান্সের প্রধান মানবসম্পদ কর্মকর্তা সাঈদ ইকবাল প্রথমা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আইপিডিসি বরাবরই একটি কর্মিবান্ধব প্রতিষ্ঠান। আইপিডিসি তার কর্মীদের জন্য বিভিন্ন আত্মবিনোদনমূলক কর্মকাণ্ডে সব সময়ই উৎসাহ দিয়ে এসেছে। এরই ধারাবাহিকতায় প্রথমার সঙ্গে এই উদ্যোগ কর্মীদের প্রাণচাঞ্চল্য আরও বৃদ্ধি করবে বলে আমি মনে করি।’

বই পড়ায় উৎসাহ দেওয়ার জন্য শিগগিরই সহকর্মীদের জন্য একটি পাঠক ফোরাম গঠনের ঘোষণা দেন আইপিডিসি ফাইন্যান্সের কর্মকর্তা সাঈদ ইকবাল। তিনি বলেন, ‘আমরা প্রথমার সঙ্গে আমাদের শাখা অফিসগুলোতেও এ ধরনের মেলার আয়োজন করতে চাই।’