পাটকে কৃষিজাত পণ্য হিসেবে গণ্য করার ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পাট কেটে বেছে আলাদা (গ্রেডিং করে) করে রাখছেন শ্রমিকেরা
ফাইল ছবি

এখন থেকে পাটকে কৃষিজাত পণ্য হিসেবে গণ্য করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে এটি দৃঢ়ভাবে বাস্তবায়ন করতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। এর ফলে কৃষিঋণসহ কৃষিজাত পণ্যের ক্ষেত্রে যেসব সুবিধা দেওয়া হয়, পাটের ক্ষেত্রেও তা দেওয়া হবে।

আজ সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নির্দেশ দেন। বৈঠকে জাতীয় কৃষি বিপণন নীতির খসড়া অনুমোদন দেওয়া হয়। এই নীতি নিয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী পাট নিয়ে এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে সভার সিদ্ধান্ত জানান নতুন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বর্তমান প্রেক্ষাপটে পাটের আঁশের ব্যবহার অনেক বৃদ্ধি পেয়েছে। এ জন্য অনেক সম্ভাবনা তৈরি হয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, এখন থেকে পাট হবে কৃষিজাত পণ্য। এ জন্য পাট এখন থেকে কৃষিজাত পণ্য হিসেবে সব ধরনের সুযোগ-সুবিধা পাবে। এত দিন অনেক সময় পাটকে শিল্পজাত পণ্য হিসেবে বিবেচনা করা হতো বলে জানান তিনি।

এ ছাড়া রপ্তানির সুবিধার্থে এবং আধুনিক করার জন্য কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাতকরণের বিষয়ে একটি নীতিমালা করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেন জানান মন্ত্রিপরিষদ সচিব।

কৃষি বিপণন নীতিতে ১৯ নির্দেশনা

মন্ত্রিসভার বৈঠকে জাতীয় কৃষি বিপণন নীতির খসড়া অনুমোদন দেওয়া হয়। এ নীতি অনুযায়ী কতগুলো বিষয় করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে, কৃষি ব্যবসায় বাজার সংযোগ বৃদ্ধি, কৃষি বিপণনের সহায়ক বাজারের তথ্য ব্যবস্থাপনা শক্তিশালী করা, কমিউনিটিভিত্তিক ও গ্রুপভিত্তিক বিপণন জোরদার, কৃষি উপকরণ ও বিপণনকে সহজ ও আধুনিক করা, কৃষিপণ্যের গুদাম ও সংরক্ষণাগারের ব্যবস্থাপনা উন্নয়ন, কৃষি বিপণনসংক্রান্ত অবকাঠামোর উন্নয়ন, কৃষি ব্যবসার মাধ্যমে যুব উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব কমানোর পদক্ষেপ নেওয়া, নারীর ক্ষমতায়নের সুযোগ তৈরি, ই-কৃষিবাজারকে সহায়তা করা এবং নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের মূল্য সহনীয় করার জন্য সরববরাহব্যবস্থা দেখভাল করাসহ মোট ১৯টি বিষয় করার কথা রয়েছে।

মেট্টোরেল ব্যবহারে সচেতনতা বাড়ানোর নির্দেশ

অনির্ধারিত আলোচনায় গত ২৮ ডিসেম্বর দেশে গণপরিবহন–ব্যবস্থায় নব যুগের সূচনা করে মেট্টোরেল চালুর বিষয়টি স্থান পায়। প্রধানমন্ত্রী এর ব্যবহারে সচেতনতা তৈরিতে প্রচার চালানোর নির্দেশ দেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।