পাহাড়িদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি সচেতন নাগরিক সমাজের
বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে ভূমি রক্ষা সংগ্রাম কমিটির নেতা রংধজন ত্রিপুরা ও লাংকম ম্রোসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে চট্টগ্রামের সচেতন নাগরিক সমাজ। এই মামলাকে ষড়যন্ত্রমূলক বলে আখ্যা দিয়েছে তারা।
শুক্রবার বিকেলে নগরের চেরাগী পাহাড় মোড়ে এক সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। সমাবেশে চট্টগ্রামে বসবাসরত পাহাড়ি নারী-পুরুষ এই সমাবেশ অংশ নেন। সমাবেশের আগে নগরের ডিসি হিল থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি চেরাগী পাহাড় মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক ভূলন ভৌমিক সভাপতিত্বে ও পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) নগর সাধারণ সম্পাদক অমিত চাকমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বাসদ (মার্ক্সবাদী) চট্টগ্রাম নগরের সদস্যসচিব শফিউদ্দিন কবির, নারী মুক্তি কেন্দ্র চট্টগ্রাম অঞ্চলের সভাপতি আসমা আক্তার, লামা ভূমি রক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক রংধজন ত্রিপুরা, পিসিপি নেতা সোহেল চাকমা, বাংলাদেশ ত্রিপুরা শ্রমিক সংসদ চট্টগ্রামের প্রতিনিধি মোহন ত্রিপুরা প্রমুখ।
সমাবেশে রংধজন ত্রিপুরা বলেন, ‘বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সব জমির ইজারা বাতিলের জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নিকট সুপারিশ করেছেন। এরপর গত ১১ জুলাই আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান অশোক বৌদ্ধ বিহারে হামলা, লুটপাট ও ১৩ জুলাই আমার ওপর পরিকল্পিতভাবে হামলা করা হয়। ১৪ আগস্ট ১১ জনের বিরুদ্ধে দায়ের করা হয়। এটা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা।’
ভুলন ভৌমিক বলেন, ‘লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডে কর্তৃক আমাদের ৪০০ একর জুম ভূমি দখলের যে প্রক্রিয়া তা সম্পূর্ণ বেআইনি। অবিলম্বে জমি ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি। পাশাপাশি মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক।’