‘সুপার ফ্রাইডে’তে ৬০০ বাংলাদেশি শিক্ষার্থীর সাক্ষাৎকার নিল মার্কিন দূতাবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রে পড়ালেখার জন্য অনাবাসিক শিক্ষার্থী ভিসার আবেদন করা প্রায় ৬০০ বাংলাদেশি শিক্ষার্থীর সাক্ষাৎকার নিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে পড়ালেখার জন্য অনাবাসিক শিক্ষার্থী ভিসার আবেদন করা প্রায় ৬০০ বাংলাদেশি শিক্ষার্থীর সাক্ষাৎকার নিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। এ উপলক্ষে শুক্রবার দূতাবাসে ‘সুপার ফ্রাইডে’ নামে বিশেষ এক কর্মদিবসের আয়োজন করা হয়।

ঢাকার মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিসার জন্য আবেদন করা বাংলাদেশি শিক্ষার্থীদের আগামী শরৎকালীন সেমিস্টারের আগে সাক্ষাৎকার নিতে বিশেষ উদ্যোগ নিয়েছে দূতাবাস। এই সময়ের মধ্যে যত বেশি সম্ভব শিক্ষার্থীকে এ সুযোগ দেওয়া হবে। এ লক্ষ্যে আগামী শুক্রবার আরেকটি সুপার ফ্রাইডে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

সুপার ফ্রাইডে আয়োজনের বিষয়ে মার্কিন দূতাবাসের কনসাল জেনারেল উইলিয়াম ডাওয়ারস বলেন, ‘যুক্তরাষ্ট্রে পড়ালেখা যে একটি অনন্য সুযোগ এনে দেয়, তা আমরা জানি। এ কারণে আমরা শিক্ষার্থী ভিসার সাক্ষাৎকারকে অগ্রাধিকার দিচ্ছি।’

মার্কিন দূতাবাসের দেওয়া হিসাব অনুযায়ী, ২০২০-২১ শিক্ষাবর্ষে ২০০টির বেশি দেশ থেকে ৯ লাখ ১৪ হাজারের বেশি শিক্ষার্থী পড়ালেখার জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছেন। গত এক দশকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা প্রায় তিন গুণ বেড়ে সাড়ে আট হাজারে দাঁড়িয়েছে।

ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন ওপেন ডোরসের ২০২১ সালের এক প্রতিবেদনের বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা বিশ্ব থেকে যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী পাঠানো দেশগুলোর মধ্যে ১৪তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। এর আগে ২০১৯–২০ শিক্ষাবর্ষে বাংলাদেশ ১৭তম অবস্থানে ছিল।

যুক্তরাষ্ট্রের পড়ালেখা সম্পর্কে বিস্তারিত তথ্য educationusa.state.gov ওয়েবসাইট অথবা মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে (bd.usembassy.gov) পাওয়া যাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।