স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংসদ ভবনে আজ রোববার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। আজ রোববার স্পিকারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ-ভারতের সুদীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ব্যবসা-বাণিজ্যের প্রসার, দুই দেশের অর্থনৈতিক উন্নয়ন, জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা, জলবায়ু পরিবর্তন ও নারীর ক্ষমতায়ন নিয়ে আলোচনা করেন শিরীন শারমিন চৌধুরী ও প্রণয় কুমার ভার্মা।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের তৎকালীন সরকারপ্রধান ইন্দিরা গান্ধীর কূটনৈতিক প্রজ্ঞা ও আদর্শিক নেতৃত্ব দুদেশের ঐতিহাসিক সম্পর্কের ভিত্তি স্থাপন করেছে। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশি শরণার্থীদের আশ্রয় ও সব ধরনের সহযোগিতা করে ভারত। যা এ দেশের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

শিরীন শারমিন চৌধুরী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও প্রতিষ্ঠিত ও সুসংহত হয়। শেখ হাসিনার নেতৃত্বে গঙ্গার পানি বণ্টন চুক্তি, ভারতের সঙ্গে স্থলসীমানা চুক্তি হয়েছে। জলবায়ু পরিবর্তন, নারীর ক্ষমতায়ন, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশ ভারতের পারস্পরিক সহযোগিতা দুদেশের সম্পর্ককে জোরদার করবে। এ সময় বৈশ্বিক জ্বালানিসংকটের সময়ে জ্বালানি ক্ষেত্রে ও রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসনে ভারতের সহযোগিতা কামনা করেন স্পিকার।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন প্রণয় কুমার ভার্মা। তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মানুষের সম্পর্ক অত্যন্ত হৃদ্যতাপূর্ণ। দুদেশের সাংস্কৃতিক ভিত একই। সংসদীয় প্রতিনিধি দলের পারস্পরিক সফরের মাধ্যমে দুদেশের ঐতিহাসিক সম্পর্ক আরও শক্তিশালী হতে পারে।