মেট্রোরেলের ভাড়া ৫০ শতাংশ কমানোর দাবি যাত্রী কল্যাণ সমিতির

আগামী ২৮ ডিসেম্বর ঢাকার উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন হচ্ছে, এর মধ্য দিয়ে গণপরিবহন ব্যবস্থায় এক নতুন যুগে সূচনা হচ্ছে বাংলাদেশে
ছবি: প্রথম আলো

ঢাকায় মেট্রোরেলের কিলোমিটারপ্রতি ভাড়া ও সর্বনিম্ন ভাড়া ৫০ শতাংশ কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। আজ শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে ঢাকায় মেট্রোরেলের নির্মাণ খরচ নিয়েও প্রশ্ন তোলা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, ভারতের কলকাতার তুলনায় ঢাকায় মেট্রোরেলের কিলোমিটারপ্রতি ভাড়া দ্বিগুণের বেশি এবং সর্বনিম্ন ভাড়া চার গুণ বেশি। এমন ভাড়ার কারণে বেসরকারি লক্কড়ঝক্কড় বাস কোম্পানিগুলো লাভবান হবে এবং মেট্রোরেলে যাত্রী পরিবহনের লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হবে।

লিখিত বক্তব্যে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, কলকাতায় মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ৫ রুপি (৬ টাকা ৩০ পয়সা)। আর ঢাকায় মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। কলকাতায় মেট্রোরেলের সর্বোচ্চ ভাড়া ২৫ রুপি (৩১ টাকা ৫০ পয়সা)। ঢাকায় মেট্রোরেলের সর্বোচ্চ ভাড়া ১০০ টাকা। কলকাতায় ৫ রুপি দিয়ে ২ কিলোমিটার পর্যন্ত যাতায়াত করা যায়, ১০ রুপিতে ৫ কিলোমিটার, ১৫ রুপিতে ১০ কিলোমিটার, ২০ রুপিতে ২০ কিলোমিটার পর্যন্ত যাতায়াত করা যায়। ২০ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য সর্বোচ্চ ২৫ রুপি লাগে। বাংলাদেশে উত্তরা থেকে মতিঝিল ২০ কিলোমিটার পথে মেট্রোরেলের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা, যা কলকাতার মেট্রোরেলের চেয়ে চার গুণ বেশি। ভারতের রাজধানী নয়াদিল্লির মেট্রোতে একই দূরত্বে ৪০ রুপি (৫০ টাকা ৪০ পয়সা) লাগে।

বাংলাদেশের মেট্রোরেলের নির্মাণ ব্যয় সম্পর্কে মোজাম্মেল হক চৌধুরী বলেন, ২০১৩ থেকে ২০১৯ সালের মধ্যে নির্মিত ইন্দোনেশিয়ার জাকার্তার নর্থ-সাউথ মেট্রোরেলে প্রতি কিলোমিটারের নির্মাণ খরচ হয়েছে ৭ কোটি ৫০ লাখ ডলার। ভারতের দিল্লি লাইন-১ মেট্রোরেল নির্মাণে কিলোমিটারপ্রতি খরচ হয়েছে ৫ কোটি ৬ লাখ ডলার। ২০১৫ থেকে ২০২০ সালে নির্মিত পাকিস্তানের লাহোরে অরেঞ্জ মেট্রোরেলের কিলোমিটারপ্রতি খরচ ছিল ৬ কোটি ৬১ লাখ ডলার। ঢাকার উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কিলোমিটার প্রতি খরচ হচ্ছে ২৩ কোটি ৪০ লাখ ডলার। তিনি বলেন, একদিকে মেগা প্রকল্পগুলোতে বেহিসাবি খরচ হচ্ছে, অন্যদিকে কতিপয় অসাধু ব্যবসায়ী ব্যাংকগুলো খালি করে দিচ্ছেন। জনগণকে এর চড়া মাশুল দিতে হচ্ছে।

সংবাদ সম্মেলনে প্রকৌশলী মোহাম্মদ এমদাদুল ইসলাম, এফবিসিসিআইএর সাবেক পরিচালক আবদুল হক, নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, যাত্রী কল্যাণ সমিতির সহসভাপতি তাওহিদুল হক, যুগ্ম মহাসচিব মনিরুল হক, মনজুর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

২৮ ডিসেম্বর ঢাকায় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল সেবা উদ্বোধন করা হচ্ছে। পরদিন থেকে মেট্রোরেলে চড়তে পারবেন ঢাকার বাসিন্দারা।

আরও পড়ুন