বিএনপির দুই দিনের অবরোধ শুরু
পঞ্চম দফায় বিএনপির ডাকা দুই দিনের অবরোধ কর্মসূচি আজ শুরু হচ্ছে। আজ বুধবার ভোর ছয়টা থেকে আগামী শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত সারা দেশে সড়ক, রেল ও নৌপথে এই অবরোধ কর্মসূচি পালন করবে দলটি।
সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়, নিহত নেতা-কর্মীদের হত্যার বিচার, আহত ব্যক্তিদের সুচিকিৎসাসহ আটক ও গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবিতে বিএনপি এ অবরোধ কর্মসূচি দিয়েছে। বিএনপির সঙ্গে আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চসহ অন্যান্য দল ও জোটও এই অবরোধ কর্মসূচি নিয়েছে।
এদিকে গতকাল মঙ্গলবার বিকেলে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এই অবরোধ কর্মসূচি সফল করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রুহুল কবির রিজভী সারা দেশে বিএনপি ও অঙ্গ সহযোগী নেতা-কর্মীদের নামে পুলিশ বাহিনীর মামলা ও গ্রেপ্তারের তথ্য তুলে ধরেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় (গতকাল বিকেল চারটার আগে) ৪২০ জনের বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার, ১১টি মামলায় ১ হাজার ৩৫০ জনের বেশি নেতা-কর্মীর নামে মামলা হয়েছে।