এলজিইডির প্রকল্প
৭৭ সেতুর মধ্যে ২২টিতেই ত্রুটি
সেতু নির্মাণের ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সময় বেশ কিছু অনুশাসন দিয়েছেন। কিন্তু সেগুলো অনুসরণ করা হয়নি।
সেতু নির্মাণে এলজিইডির প্রকল্প
প্রকল্প শুরু ২০১০ সালের মার্চে, কাজ শেষ হওয়ার কথা ২০১৩ সালের ডিসেম্বরে।
প্রকল্পের মেয়াদ বেড়েছে ছয়বার। মেয়াদ রয়েছে ২০২৩ সালের জুন পর্যন্ত।
শুরুতে প্রকল্প ব্যয় ৬২৮ কোটি ১৫ লাখ টাকা। সংশোধিত ব্যয় দাঁড়িয়েছে ২,২৮৮ কোটি টাকা।
২৫১টি সেতু নির্মাণের পরিকল্পনা।
প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) ও প্রকল্প স্টিয়ারিং কমিটির (পিএসসি) ৪৯টি সভা করার কথা। কিন্তু মাত্র ১টি পিআইসি ও ৮টি পিএসসি সভা হয়েছে।সূত্র:আইএমইডি
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একটি প্রকল্পের অধীনে বানানো ৭৭টি সেতুর মধ্যে ২২টিতে দৃশ্যমান ত্রুটি পাওয়া গেছে। সেতুগুলোর কাজের মান নিয়েও প্রশ্ন রয়েছে। কোনো ধরনের সম্ভাব্যতা যাচাই ছাড়া নেওয়া এই প্রকল্পের মেয়াদ বেড়েছে ছয়বার। প্রকল্প ব্যয় বেড়েছে ১ হাজার ৬৬০ কোটি টাকা।
এলজিইডির এই প্রকল্পের নিবিড় পরিবীক্ষণ প্রতিবেদনে এসব বিষয় উঠে এসেছে। প্রতিবেদনটি তৈরি করেছে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)।
‘উপজেলা ও ইউনিয়ন সড়কে দীর্ঘ সেতু নির্মাণ (তৃতীয় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পটি সংক্ষেপে ‘এলবিসি’ নামে পরিচিত। ৬২৮ কোটি ১৫ লাখ টাকার এলবিসি প্রকল্পটি ২০১০ সালের মার্চ মাসে একনেকে অনুমোদন পায়। প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল ২০১৩ সালের ডিসেম্বরে। কিন্তু ছয়বার সময় বাড়ানোর পর বর্তমানে প্রকল্পের নতুন মেয়াদ ২০২৩ সালের জুন পর্যন্ত। প্রকল্পের সংশোধিত ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৮৮ কোটি টাকা। লক্ষ্মীপুর জেলা ছাড়া বাকি ৬৩টি জেলার ১৮২টি উপজেলায় এই প্রকল্প চলছে। সেতু নির্মাণে এটি এলজিইডির সবচেয়ে বড় প্রকল্প।
বাস্তবায়নে বিলম্বের কারণে যত বেশি ব্যয় বাড়ে, প্রকল্পের অর্থনৈতিক সুফল পাওয়ার সম্ভাবনা তত কমে যায়।আদিল মুহাম্মদ খান, নগর-গবেষণা ও নীতি বিশ্লেষণী প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক অধ্যাপক
প্রকল্পের মাধ্যমে ২৫১টি সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। যার মোট দৈর্ঘ্য ২৮ হাজার ৬২৬ মিটার। চলতি বছরের এপ্রিল পর্যন্ত ১ হাজার ১১২ মিটার সেতুর নির্মাণকাজ বাকি ছিল।
চলতি বছরের ১৯ জানুয়ারি থেকে ১০ জুন পর্যন্ত সময়ে প্রকল্পসংশ্লিষ্ট তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ, মাঠপর্যায়ে পরিদর্শন, প্রশ্নোত্তর জরিপ এবং কর্মশালার মাধ্যমে আইএমইডি প্রতিবেদনটি তৈরি করেছে। এতে বলা হয়, প্রকল্পটির নাম দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্প। দীর্ঘ সেতু বলতে সাধারণত ১০০ মিটার বা তার ওপরের সেতুকে বোঝায়। কিন্তু এই প্রকল্পে ১৮, ২০, ২৫ ও ৩০ মিটারের সেতুও রয়েছে, যা প্রকল্পের নামের সঙ্গে অনেকটাই সাংঘর্ষিক।
প্রকল্প শেষ হওয়ার আগেই মেরামত প্রয়োজন
আইএমইডির প্রতিবেদনে বলা হয়, ত্রুটি পাওয়া ২২ সেতুর মধ্যে বেশ কয়েকটির মেরামত করা প্রয়োজন। কয়েকটি সেতুর রেলিংয়ে রড নকশা অনুসারে দেওয়া হয়নি। সিমেন্ট পর্যাপ্ত না দেওয়ায় রেলিং ঝুরঝুরে হয়ে পড়েছে। কয়েকটি সেতুর সংযোগ সড়ক নেই। সংযোগ সড়ক না থাকলে সেতু নির্মাণ অর্থহীন হয়ে পড়বে।
ময়মনসিংহের গফরগাঁওয়ের জয়ধরখালী-রাজঘাট সুতির খালে গার্ডার সেতু নির্মাণ করা হচ্ছে। এই সেতুর এক পাশে রিকশা চলাচলের মতো রাস্তাও নেই। এই সেতুর আড়াই কিলোমিটারের মধ্যেই সুতির খালে আরেকটি সেতু রয়েছে। আগের সেতুটিও এই প্রকল্পের অধীনে নির্মাণ করা হয়েছে। এত কাছাকাছি দূরত্বে দুটি সেতু নির্মাণের কোনো যৌক্তিকতা পায়নি পরিদর্শনকারী দল।
ভোলার লালমোহন উপজেলার নাজিরপুর চর কচ্ছপিয়া থেকে ফরাজগঞ্জ ইউপি সড়কে নির্মিত সেতুর উচ্চতা নিয়ে জটিলতা দেখা দেয়। উচ্চতা বৃদ্ধি না করা পর্যন্ত সেতুর নির্মাণকাজ বন্ধ রাখা হয়। ঠিকাদারের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় চুক্তিও বাতিল করা হয়।
লালমোহন খালটি স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ। এই খাল দিয়ে প্রতিদিন ঢাকা-লালমোহন পথে বড় নৌযান যাতায়াত করে। এই সেতুর প্রকল্পের নকশা পর্যালোচনা করে দেখা যায়, নদী ও খালের নাব্যতা, গতিপথ ও ব্যবহার বিবেচনায় রেখে সেতুর নকশা করা হয়নি। সরেজমিন পরিদর্শনের সময় দেখা যায়, সেতুটির ৮০ শতাংশ ভৌত অগ্রগতি হয়েছে। দীর্ঘদিন ধরে সেতুর কাজ চলমান থাকায় জনগণ প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
গোপালগঞ্জের কাশিয়ানীর বিশ্বনাথ বেজিডাঙ্গা সড়কে ৪৫ মিটার সেতুর সংযোগ সড়ক দেবে গেছে। একই অবস্থা কিশোরগঞ্জের ভৈরবের গজারিয়া-কুলিয়ারচর সড়কে কালী নদীর ওপর নির্মিত সেতুরও। সংযোগ সড়ক ভেঙে গেছে মুন্সিগঞ্জের শ্রীনগরের বড়ইখালী-আল-আমিন বাজার সেতু, জামালপুর সদরের তুলসীর চর ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা সদরের ফেরিঘাট সড়কের সেতুর। রেলিং ভেঙে গেছে টঙ্গিবাড়ীর দীঘিরপাড় বিয়ানিয়া বাজার সড়কের সেতু, সুনামগঞ্জের ছাতকের সিরাজগঞ্জ-মুহাম্মদগঞ্জ বাজার সড়কে বটেরখাল নদীর ওপর নির্মিত সেতুর।
৪৬ মাসের কাজ হচ্ছে ১৬০ মাসে
এলবিসি প্রকল্পের মাধ্যমে ২৫১টি সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। যদিও এই প্রকল্পের অন্তর্ভুক্ত ১৫টি সেতু এলজিইডির অন্য প্রকল্পের মাধ্যমে নির্মাণ করা হয়েছে। কিন্তু এলবিসি প্রকল্পের সংশোধিত প্রকল্প প্রস্তাবেও এই ১৫টি সেতু রয়ে গেছে। দুটি সেতু প্রকল্প থেকে বাতিল করা হয়েছে। প্রকল্পের বরাদ্দের স্বল্পতার কারণে ১৮টি সেতুর নির্মাণকাজ স্থবির হয়ে আছে। আগামী জুনের মধ্যে এই ১৮টি সেতু নির্মাণ না হলে এগুলো বাদ রেখেই প্রকল্প শেষ করতে হবে। তাহলে প্রকল্পে মোট সেতুর সংখ্যা হবে ২৩৪।
অনুমোদনের সময় প্রকল্পের মেয়াদ ছিল ২০১০ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৩ সালের ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ ৪৬ মাস। ধাপে ধাপে মেয়াদ বেড়ে দাঁড়িয়েছে ২০২৩ সালের জুন পর্যন্ত, অর্থাৎ প্রকল্পের শুরু থেকে ১৬০ মাস।
প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, জমি অধিগ্রহণে বিলম্ব, কোভিড-১৯-এর সময় নিম্ন অগ্রাধিকারে থাকায় চাহিদা মোতাবেক বরাদ্দ না পাওয়া, আটটি ঠিকাদারি চুক্তি বাতিল করে পুনঃদরপত্র আহ্বান, একাধিকবার প্রকল্প সংশোধন এবং নতুন সেতু অন্তর্ভুক্ত করায় প্রকল্পের অগ্রগতি বাধাগ্রস্ত হয়েছে। চারবার সংশোধন ও দুবার মেয়াদ বৃদ্ধির ফলে বাস্তবায়নকাল ৯ বছর ৬ মাস বৃদ্ধি পেয়েছে।
ত্রুটিপূর্ণ কর্মপরিকল্পনার কারণেই বারবার প্রকল্পের মেয়াদ বাড়াতে হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। ২০১০ থেকে ২০২১ সাল পর্যন্ত বার্ষিক কর্মপরিকল্পনা অনুযায়ী কাজ যথাযথভাবে বাস্তবায়িত হয়নি। সময় বিবেচনায় প্রকল্পটি আর্থিক অগ্রগতির দিক থেকেও পিছিয়ে।
এই প্রতিবেদন প্রস্তুতের সময় প্রকল্পের পরিচালক ছিলেন এলজিইডির প্রকৌশলী কাজী গোলাম মোস্তফা। বর্তমানে তিনি নোয়াখালী জেলা এলজিইডি কার্যালয়ে কর্মরত। তাঁর মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। যদিও প্রতিবেদনে বলা হয়েছে, তিনি নিরীক্ষক দলকে বলেছিলেন, প্রকল্পের শুরুতে সম্ভাব্যতা যাচাই না করায় কাজে বেগ পেতে হয়েছে। জমি অধিগ্রহণে বিলম্ব হয়েছে। নির্মাণকাজের মান রক্ষায় এলজিইডির প্রকৌশলীরা নিয়মিত তদারকি করেছেন।
আরও যত অনিয়ম
এলবিসি প্রকল্পের অধীনে ৯০ একর জমি অধিগ্রহণের জন্য ১০৩ কোটি টাকা বরাদ্দ রয়েছে। বাস্তবে ৮১ দশমিক ৬৫ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। অবশিষ্ট ৮ দশমিক ৩৪ একর জমি অধিগ্রহণ করার প্রয়োজন নেই। কিন্তু পুরো ১০৩ কোটি টাকাই ব্যয় করা হয়েছে। প্রকল্পের অধীনে জমি অধিগ্রহণের জন্য যে প্রাক্কলন করা হয়েছিল, তা যথার্থ ছিল না।
মূল সেতু নির্মাণ, সংযোগ সড়ক নির্মাণসহ পূর্তকাজের জন্য যেসব চুক্তি করা হয়েছে, সেগুলোর কয়েকটি দরপত্র পর্যালোচনা করা হয়েছে। দেখা যায়, একটি দরপত্রে দাপ্তরিক মূল্যের চেয়ে ২৪ দশমিক ৪৬ শতাংশ বেশি মূল্যে চুক্তি হয়েছে। এই কাজ ঠিকাদারের শেষ করার কথা আড়াই বছরে, কিন্তু শেষ করতে সময় লেগেছে ৮ বছর ৩ মাস।
আরেকটি দরপত্রের ক্ষেত্রে দেখা যায়, দাপ্তরিক মূল্যের চেয়ে ৩৪ দশমিক ৯৭ শতাংশ বেশি মূল্যে চুক্তি করা হয়েছে। অন্য কোনো ঠিকাদার দরপত্র জমা না দেওয়ায় অধিক মূল্যে চুক্তি করতে হয়েছে বলে প্রকল্প অফিস থেকে জানানো হয়। প্রকল্পের ব্যয় ব্যবস্থাপনা এবং সার্বিক তদারকিতে ঘাটতি পেয়েছে নিরীক্ষক দল। প্রকল্পের শুরু থেকে ৩৯টি নিরীক্ষা আপত্তি পাওয়া গেছে, এর মধ্যে ৩৩টি নিষ্পত্তি হয়েছে।
প্রকল্পের লক্ষ্যমাত্রা অনুযায়ী কাজের অগ্রগতি ঠিক রাখতে হলে এবং জবাবদিহি নিশ্চিত করতে হলে প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) ও প্রকল্প স্টিয়ারিং কমিটির (পিএসসি) সভা নিয়মিত করা প্রয়োজন। পরিকল্পনা বিভাগের পরিপত্র অনুযায়ী, প্রতি তিন মাসে একটি এবং ডিপিপি অনুযায়ী বছরে একবার পিআইসি ও পিএসসি সভা করার বিধান রয়েছে। সে অনুযায়ী ৪৯টি সভা আয়োজন করার কথা। কিন্তু প্রকল্পের সময়কালে মাত্র একটি পিআইসি এবং আটটি পিএসসি সভা হয়েছে।
সেতু নির্মাণের ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সময় বেশ কিছু অনুশাসন দিয়েছেন। যার মধ্যে রয়েছে সেতুর সংযোগ সড়ক নির্মাণ করে সেতুর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে, সেতু নির্মাণের ক্ষেত্রে মানসম্পন্ন উপকরণ ব্যবহার, নদীর নাব্যতা, গতিপথ ও নৌযান চলাচল নির্বিঘ্ন রাখতে হাইড্রোলজিক্যাল জরিপ করে সেতুর নকশা করা, প্রকল্পের ভূমি অধিগ্রহণের জন্য আগাম পরিকল্পনা করা এবং বর্ষাকালে নৌ চলাচল বিঘ্নিত যাতে না হয়, সেভাবে সেতুর উচ্চতা নির্ধারণ।
এলজিইডির এলবিসি প্রকল্পে প্রধানমন্ত্রীর এসব অনুশাসন অনুসরণ করা হয়নি। ফলে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই, সেতুর উচ্চতা, সংযোগ সড়কসংক্রান্ত সমস্যা সৃষ্টি হয়েছে। প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রীর অনুশাসন অনুসরণ করা হলে এলবিসি প্রকল্পে যেসব সমস্যা হয়েছে, সেগুলো হতো না।
প্রকল্পের সুবিধাভোগী ১ হাজার ২০৭ জনের কাছ থেকে বেশ কিছু তথ্য সংগ্রহ করেছে পরিদর্শনকারী দল। সুবিধাভোগীরা জানান, সেতু হওয়ায় উপজেলা ও ইউনিয়নের মধ্যে যান চলাচল বেড়েছে। সেতু হওয়ায় যাতায়াত খরচ কমেছে। উত্তরদাতাদের ৫৬ শতাংশ জানান, সেতুর সংযোগ সড়ক দেবে গেছে। উত্তরদাতাদের যাঁদের জমি অধিগ্রহণ করা হয়েছিল, তাঁদের ৬৯ শতাংশই ক্ষতিপূরণের টাকা পাননি বলে জানিয়েছেন।
বড় প্রকল্প নেওয়ার আগে এলজিইডিকে পর্যাপ্ত প্রস্তুতি এবং সম্ভাব্যতা যাচাই গুরুত্বের সঙ্গে করার সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। তাতে বলা হয়েছে, সেতুর আকার ও সঠিক স্থান নির্ধারণ আরও যুক্তিযুক্ত হওয়া প্রয়োজন। সেতুর উচ্চতা ও প্রশস্ততা নিশ্চিত করা, একনেক সভায় প্রধানমন্ত্রীর অনুশাসন মেনে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই এবং কাজের মান নিয়ন্ত্রণে আরও সচেষ্ট হতে হবে।
সম্ভাব্যতা ছাড়াই প্রকল্প নেওয়া বন্ধে দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছেন পরিকল্পনাবিদেরা। নগর-গবেষণা ও নীতি বিশ্লেষণী প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক অধ্যাপক আদিল মুহাম্মদ খান প্রথম আলোকে বলেন, বাস্তবায়নে বিলম্বের কারণে যত বেশি ব্যয় বাড়ে, প্রকল্পের অর্থনৈতিক সুফল পাওয়ার সম্ভাবনা তত কমে যায়। বারবার ব্যয় ও সময় বাড়ানো বন্ধে নীতিমালা দরকার। যাঁরা সেতুর সম্ভাব্যতা যাচাই এবং নজরদারির দায়িত্বে ছিলেন, তাঁদের জবাবদিহির আওতায় আনতে হবে।