আইজিপির সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত আব্দুল্লা আলী খাসেইফ আলহামুদী পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার রাজধানীর ফুলবাড়িয়ায় পুলিশ সদর দপ্তরে এই সাক্ষাৎ হয়।
পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং উভয় দেশের পুলিশ ও নিরাপত্তা সংস্থার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। বৈঠকে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতকরণ, মানবপাচার ও ভিসা জালিয়াতি প্রতিরোধে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
এছাড়া মানি লন্ডারিং প্রতিরোধ, সাইবার ক্রাইম ও ডিজিটাল ফরেনসিক তদন্ত এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সভিত্তিক স্মার্ট পুলিশিং ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। আইজিপি আন্তর্দেশীয় অপরাধ দমন ও প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতকরণে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যৌথভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।