বঙ্গবন্ধু আন্ত:বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা সাইক্লিংয়ে স্বর্ণপদক জিতল আইইউবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু আন্ত:বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় ছেলেদের সাইক্লিংয়ে স্বর্ণপদক জিতেছেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) মার্কেটিং বিভাগের শিক্ষার্থী নোবেল দে। শুক্রবার রাজধানীর হাতিরঝিলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

সাইক্লিংয়ে স্বর্ণপদক জেতায় নোবেল দে–কে অভিনন্দন জানিয়েছেন আইইউবির উপাচার্য তানভীর হাসান। অপরদিকে মেয়েদের সাইক্লিং ইভেন্টে পঞ্চম স্থান অধিকার করায় হিউম্যান রিসোর্সের ম্যানেজমেন্ট বিভাগের পঞ্চম সেমেস্টারের শিক্ষার্থী খন্দকার ইশরাত জাহান রিফাকেও অভিনন্দন জানিয়েছেন তিনি।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এ বছর তৃতীয়বারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করেছে। শুক্রবার প্রতিযোগিতার উদ্বোধনী দিনে দুটি ইভেন্ট অনুষ্ঠিত হয়— ছেলে ও মেয়েদের ২১ কিলোমিটার ম্যারাথন দৌঁড় এবং ১৪ কিলোমিটার সাইক্লিং।

দেশের ১২৫টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭ হাজার শিক্ষার্থী প্রতিযোগিতার ১২টি ইভেন্টে অংশগ্রহণ করেছেন। ইভেন্টগুলো হলো— ফুটবল, ক্রিকেট, সাঁতার, অ্যাথলেটিক্স, টেবিল টেনিস, বাস্কেটবল, ভলিবল, হ্যান্ডবল, কাবাডি, দাবা, সাইক্লিং এবং ব্যাডমিন্টন।