চট্টগ্রামে বিদ্যুৎ সাশ্রয়ে অভিযান, জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

বিদ্যুৎ সাশ্রয় করতে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা ও বিপণিবিতানে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। গতকাল সোমবার রাতে এসব অভিযান পরিচালনা করেন পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানের নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। এ সময় ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত নিউমার্কেট এলাকা ও রেয়াজউদ্দিন বাজারে অভিযান চালিয়ে পাঁচটি প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান বিন মাজেদ জরিমানা করেন ১২ হাজার টাকা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক নগরের জিইসি মোড় ও কাজির দেউড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ৯টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান চকবাজার ও তানভীর হোসেন আগ্রাবাদ এলাকায় অভিযান চালায়।

জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান প্রথম আলোকে বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করা হয়েছে। পাশাপাশি আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়, যাতে সবাই বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নির্দেশনা মেনে চলেন। তারপরও যাঁরা এর ব্যত্যয় ঘটিয়েছেন, তাঁদের জরিমানা করা হয়েছে। সামনেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।