যুগান্তরের সম্পাদক-প্রতিবেদকের বিরুদ্ধে মানহানি মামলার আবেদন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের

আদালত
প্রতীকী ছবি

সংবাদ প্রকাশের জেরে দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম ও কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিনের বিরুদ্ধে মানহানির মামলার আবেদন করেছেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান (বাবু)। আদালত সাইফুল আলমের বিরুদ্ধে মামলাটি আমলে না নিলেও জসিম উদ্দিনের বিরুদ্ধে করা আবেদনটি গ্রহণ করেছেন। আজ বুধবার ঢাকার চিফ মেটাপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ মামলার আবেদন করা হয়।

প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন আইনজীবী ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি তাপস কুমার পাল।

আদালতের বেঞ্চ সহকারী আবু আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগ এনে আজ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাদী হয়ে যুগান্তরের সম্পাদক ও কক্সবাজার প্রতিনিধির বিরুদ্ধে মামলা নেওয়ার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিনের বিরুদ্ধে করা মামলা আমলে নিয়ে তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। আগামী ১৭ সেপ্টেম্বর তাঁকে হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ দিয়েছেন।

যুগান্তর পত্রিকায় ১০ আগস্ট ‘স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবুর কাণ্ড: কক্সবাজারে শতকোটি টাকার জমি দখল’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। মামলার আরজিতে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান দাবি করেছেন, তাঁকে নিয়ে যুগান্তর পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের তথ্য মানহানিকর।

মামলার বিষয়ে যুগান্তরের আইনজীবী আনোয়ারুল কবির আজ প্রথম আলোকে বলেন, যেহেতু যুগান্তরের প্রতিনিধির বিরুদ্ধে মামলা হয়েছে, বিষয়টি তাঁরা আইনগতভাবে মোকাবিলা করবেন।