বাংলাদেশে অক্সফামের ৫০ বছর পূর্তি উদ্‌যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে অক্সফামের ৫০ বছর পূর্তি উদ্‌যাপন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মুক্তিযুদ্ধকালীন অক্সফামের শরণার্থী ত্রাণসহায়তা কার্যক্রমের সমন্বয়ক জুলিয়ান এইচ ফ্রান্সিস ওবিই
ছবি: প্রথম আলো

মুক্তিযুদ্ধের সময় থেকে বাংলাদেশে সেবামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে ব্রিটিশ আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম। দীর্ঘ ৫০ বছর ধরে বাংলাদেশে সংস্থাটির এই পথ চলা উদ্‌যাপন করেছেন যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশিরা।

গতকাল বুধবার পূর্ব লন্ডনের ইমপ্রেশন ব্যাঙ্কুয়েটিং হলে অক্সফামের কাজের চিত্র প্রদর্শনী, চ্যারিটি ডিনার ও সাংস্কৃতিক আয়োজন করে ‘বাংলাদেশি ব্রিটিশ ফ্রেন্ডস অব অক্সফাম’। এর মধ্য দিয়ে বাংলাদেশে অক্সফামের ৫০ বছর পূর্তির পাশাপাশি সংস্থাটির প্রতিষ্ঠার ৮০ বছরও উদ্‌যাপন করা হয়।

অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন মুক্তিযুদ্ধকালীন অক্সফামের শরণার্থী ত্রাণ সহায়তা কার্যক্রমের সমন্বয়ক জুলিয়ান এইচ ফ্রান্সিস ওবিই। তিনি মুক্তিযুদ্ধের সময়ে শরণার্থী সংকট ও স্বাধীনতা–পরবর্তী বাংলাদেশে অক্সফামের নানা কার্যক্রমের কথা তুলে ধরেন।

১৯৭২ সালের জানুয়ারিতে পাকিস্তানের কারাগার থেকে মুক্তির পর লন্ডন হয়ে ঢাকায় ফেরেন বঙ্গবন্ধু। এর কয়েক দিন আগে স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুর সঙ্গে প্রথম সাক্ষাৎ করেন জুলিয়ান। গতকালের অনুষ্ঠানের ওই সাক্ষাতের স্মৃতিচারণা করেন তিনি।

জুলিয়ান বলেন, ‘বঙ্গবন্ধুর কাছে জানতে চেয়েছিলাম, বাংলাদেশের মানুষের জন্য জরুরি ভিত্তিতে কী ধরনের সহায়তা প্রয়োজন। তিনি পাল্টা জানতে চান, ওই সময়ে কীভাবে আমি ঢাকা যেতে সক্ষম হলাম? বলেছিলাম, ভারত সীমান্ত থেকে সড়কযোগে এসেছি। তখন বঙ্গবন্ধু বললেন, “আপনি তো আমার চাইতে বেশি দেখেছেন আমার দেশের মানুষের অবস্থা। আপনি আমার চাইতে ভালো জানেন তাদের কী প্রয়োজন।”’

অনুষ্ঠানে অক্সফামের কর্মকর্তা এন্ডি বাস্টেবল বলেন, তিনি দেখেছেন, বাংলাদেশের মানুষ কতটা সহজে বিভিন্ন কঠিন সমস্যার সমাধান করতে পারে। উদাহরণ হিসেবে তিনি আর্সেনিক মোকাবিলা ও স্বাস্থ্যকর টয়লেট নির্মাণের কথা তুলে ধরেন।

যুক্তরাজ্যের লেবার দলের চেয়ারম্যান এনেলিজ ডডস্ এই আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, অক্সফামের মতো সংগঠনের মাধ্যমে বিশ্বব্যাপী মানবসেবায় যুক্তরাজ্যের অগ্রণী ভূমিকা আরও বেগবান করতে আগ্রহী তাঁর দল।

অক্সফামের পৃষ্ঠপোষক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, ‘মানুষকে স্বাবলম্বী করা এবং জীবন রক্ষা ও দুর্যোগ-দুর্বিপাকসহ নানা সংকটকালে সাহায্য নিয়ে পাশে দাঁড়ায় অক্সফাম। এর সরাসরি উপকারভোগী আমরা বাংলাদেশিরা। মুক্তিযুদ্ধের সময় থেকে অক্সফাম বাংলাদেশে চমৎকার সব কাজ করে চলেছে। তবে তারা এ নিয়ে খুব একটা প্রচার করে না। কিন্তু উপকারভোগী হিসেবে আমাদের উচিত তাদের ধন্যবাদ জানানো।’

১৯৭১ সালে অক্সফামের শরণার্থী ত্রাণ কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের কথা স্মরণ করে সাংবাদিক উদয় শঙ্কর দাস বলেন, ‘আমরা যখন বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদ্‌যাপন করছি; তখন এই স্বাধীন বাংলাদেশে অক্সফামের মতো আন্তর্জাতিক দাতব্য সংস্থার চমৎকার মানবিক কাজগুলোর দিকে ফিরে তাকানো এবং এর সাফল্য উদ্‌যাপনও জরুরি।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। মুক্তিযুদ্ধের সময় থেকে দীর্ঘ ৫০ বছর ধরে সেবামূলক কর্মকাণ্ডের জন্য অক্সফামকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে ভবিষ্যতেও অক্সফাম সেবা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।