রাশিয়া বাংলাদেশে জ্বালানিখাতে বিনিয়োগে আগ্রহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকসান্দার ম্যান্টিটস্কি
ছবি: জাতীয় সংসদ

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকসান্দার ম্যান্টিটস্কি। এ সময় রাশিয়ার পক্ষ থেকে বাংলাদেশে জ্বালানি ও কৃষি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করা হয়।
আজ বৃহস্পতিবার স্পিকারের কার্যালয়ে যান রাশিয়ার রাষ্ট্রদূত। সেখানেই দুজনের সৌজন্য সাক্ষাৎ হয়।

সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে তাঁরা সংসদীয় মৈত্রী গ্রুপ, দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক, ভিসা প্রক্রিয়া, তৈরি পোশাকশিল্প, বিজ্ঞানপ্রযুক্তি, কৃষি, ওষুধশিল্পসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, রাশিয়া ও বাংলাদেশের পারস্পরিক আস্থার সম্পর্ক দীর্ঘকালের। পারস্পরিক স্বার্থে ভবিষ্যতেও এ সম্পর্ক অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। স্পিকার বলেন, উভয় দেশের সংসদীয় মৈত্রী গ্রুপের প্রতিনিধি বিনিময় একটি উত্তম সংসদীয় চর্চা। সংসদীয় মৈত্রী গ্রুপ উভয় দেশের বহুমুখী সম্পর্ক উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করতে পারে। রাশিয়ার সংসদীয় মৈত্রী গ্রুপ এ দেশের জাতীয় সংসদ, তৈরি পোশাকশিল্প, ব্যবসা-বাণিজ্যসহ ওষুধ ও কৃষিশিল্পের বিভিন্ন স্থান সরেজমিনে পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় করতে পারে।
এ সময় স্পিকার রাশিয়ার সংসদীয় মৈত্রী গ্রুপকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান।

আলেকসান্দার ম্যান্টিটস্কি বলেন, রাশিয়ায় বাংলাদেশের ওষুধ ও কৃষিপণ্য রপ্তানির সুযোগ রয়েছে। তিনি রাশিয়া-বাংলাদেশ জিটুজি সহযোগিতা যেকোনো সময়ের তুলনায় ভালো উল্লেখ করে বলেন, রাশিয়া বাংলাদেশে জ্বালানি ও কৃষি খাতে বিনিয়োগ করতে আগ্রহী। এ সময় স্পিকারকে রাশিয়া সফরের জন্য আমন্ত্রণ জানান তিনি।