ডিজিটাল নিরাপত্তা আইন স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি হয়ে উঠেছে: র‍্যাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে দেশের দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী গণমাধ্যমকর্মীদের সংগঠন ‘রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন’ (র‌্যাক)। বৃহস্পতিবার বিকেলে র‍্যাকের সভাপতি আহম্মদ ফয়েজ ও সাধারণ সম্পাদক জেমসন মাহবুব এক বিবৃতিতে এই উদ্বেগ জানান। তাঁরা অবিলম্বে মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন।

বিবৃতিতে একটি সংবাদ প্রকাশের জেরে প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে মামলা দায়ের এবং প্রতিবেদক শামসুজ্জামানকে ভোররাতে বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ জানান র‍্যাকের দুই নেতা। তাঁরা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের ভয়াবহ ব্যবহার স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি হয়ে উঠেছে। সংবাদপত্রে প্রকাশিত কোনো সংবাদে সংক্ষুব্ধ ব্যক্তি অথবা প্রতিষ্ঠান প্রেস কাউন্সিলে প্রতিকার পাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু এসব ক্ষেত্রে তা করা হয়নি— যা গণমাধ্যমের স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে।

দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি ও র‌্যাকের সদস্য মাহবুবুল আলমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের নিন্দা জানানো হয় বিবৃতিতে। এতে বলা হয়, ১৪ মার্চ ‘দুবাই ফেরত চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বাবর বাহিনীর দাপট, শাহ আলম সিন্ডিকেটের হাতে জিম্মি রেল’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের জেরে মাহবুবুল আলমের বিরুদ্ধে গত বুধবার চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-অর্থবিষয়ক সম্পাদক হেলাল আকবর চৌধুরী মামলা করেন।

বিবৃতিতে তিন সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে র‍্যাক।