ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্যকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ হাইকোর্টের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর ইউনিয়নের নজিবপুরে রাস্তার কাজ করতে গিয়ে এভাবে অন্তত ৩০টি তালগাছ এক্সকাভেটর দিয়ে উপড়ে ফেলা হয়েছে। ১ মে
ছবি: প্রথম আলো

পটুয়াখালীর কলাপাড়ায় গ্রামীণ সড়ক নির্মাণের সময় অন্তত ৩০টি তালগাছ উপড়ে ফেলার ঘটনায় মহিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফজলু গাজী ও ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সোবহান হাওলাদারকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই ঘটনার বিষয়ে ব্যাখ্যা জানাতে এলজিইডি কলাপাড়া উপজেলা প্রকৌশলী মো. ফয়সাল বারীকে ৩০ মে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। তালগাছগুলো উপড়ে ফেলার ঘটনা নিয়ে কৃষি কর্মকর্তার তদন্ত প্রতিবেদন দাখিলের পর শুনানি নিয়ে এ আদেশ দেওয়া হয়।

আদেশে আদালত বলেছেন, এ–সংক্রান্ত মামলা (রুল) নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁদের (ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য) সাময়িক বরখাস্ত রাখতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতি নির্দেশ দেওয়া হলো। এই আদেশ পাওয়ার সাত দিনের মধ্যে নির্দেশ বাস্তবায়নে পদক্ষেপ নিতে হবে।

‘গ্রামের ৩০টি তালগাছ কাটলেন চেয়ারম্যান’ শিরোনামে ৪ মে প্রথম আলোয় প্রতিবেদন ছাপা হয়। এরপর ৬ মে ‘তালগাছ উপড়ে ফেলা হলো’ শিরোনামে প্রথম আলোয় সম্পাদকীয় ছাপা হয়। এতে বলা হয়, কলাপাড়া উপজেলায় একটি গ্রামীণ সড়ক নির্মাণ করতে গিয়ে মহিপুর ইউনিয়নের নজিবপুর গ্রামে এক সপ্তাহ ধরে এক্সকাভেটর দিয়ে পরিবেশের জন্য অতিগুরুত্বপূর্ণ অন্তত ৩০টি তালগাছ উপড়ে ফেলা হয়েছে। তালগাছগুলোর বয়স ছিল ২৫ থেকে ৩০ বছর। তালগাছের পাশাপাশি এ সড়কে বন বিভাগের রোপণ করা বিভিন্ন প্রজাতির আরও অন্তত ৪০টি গাছের চারাও উপড়ে ফেলা হয়েছে।

সম্পাদকীয়টি নজরে এলে ৭ মে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত রুলসহ আদেশ দেন। ব্যাখ্যা জানাতে মহিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফজলু গাজী ও ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সোবহান হাওলাদারকে ১৮ মে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি কর্মকর্তাকে আদেশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত করে আদালতে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়। প্রথম আলোকে সংবাদের সঠিকতা সম্পর্কে প্রতিবেদন দিতে বলা হয়। এর ধারাবাহিকতায় আজ বিষয়টি ওঠে।

আদালতের আদেশ অনুসারে ফজলু গাজী ও মো. সোবহান হাওলাদার আদালতে হাজির হন। তাঁদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. সাখাওয়াত হোসেন ও কামরুজ্জামান কচি। প্রথম আলোর পক্ষে আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার প্রকাশিত প্রতিবেদনের সত্যতা জানিয়ে প্রতিবেদন দাখিল করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়ায়েস আল হারুনী, সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল উম্মে মাসুমুন নেসা ও মেহেদী হাসান। এ ছাড়া তদন্ত প্রতিবেদন নিয়ে কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা আদালতে উপস্থিত হন।

আদালতে দাখিল করা তদন্ত প্রতিবেদনের সার্বিক বক্তব্যে বলা হয়, কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের নজিরপুর কমিউনিটি ক্লিনিকসংলগ্ন পশ্চিম নজিরপুর এলাকায় মাটির সড়ক নির্মাণ প্রকল্পে মহিপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. ফজলু গাজীর নেতৃত্বে ৫ নম্বর ওয়ার্ড মেম্বার মো. সোবহান হাওলাদার নিয়োজিত ভেকু দিয়ে ১৬–১৮টি তালগাছসহ অন্যান্য প্রজাতির বেশ কিছু গাছ কাটার সত্যতা রয়েছে মর্মে তদন্তে প্রতীয়মান হয়।

জনপ্রতিনিধির দায়িত্বও থাকতে হবে

আদেশের আগে আদালত ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্যের বক্তব্য শোনেন। ওই ঘটনায় তাঁরা সম্পৃক্ত নন বলে দাবি করেন।

তালগাছগুলোর বয়স ছিল ২৫ থেকে ৩০ বছর
ছবি: সংগৃহীত

শুনানির সময় ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্যের উদ্দেশ্যে আদালত বলেন, ‘জনপ্রতিনিধি হবেন, জনপ্রতিনিধিদের দায়িত্বও থাকতে হবে। যা ইচ্ছা, তা–ই করা যাবে না—জবাবদিহি থাকতে হবে। চেয়ারম্যান হিসেবে কি আপনার দায়িত্ব ছিল না গাছগুলো রক্ষা করার? আপনি চেয়ারম্যান, আপনি ওই এলাকার বাবা–মা। আপনার এলাকায় একটির পর একটি করে ৩০টি গাছ কাটল; আপনি চেয়ারম্যান, আপনি মেম্বর—চোখ দিয়ে দেখলেন।’

আদালত ইউপি চেয়ারম্যানের উদ্দেশে বলেন, ‘আপনার বাড়িতে গাছ নেই?’ তখন ইউপি চেয়ারম্যান বলেন, আছে। আদালত বলেন, ‘যখন গাছগুলো কাটছিল, তখন কী করছিলেন? আপনি জনপ্রতিনিধি। আপনাকে ভোট দিয়েছে, দেখার দায়িত্ব আপনার। চেয়ারম্যান হিসেবে আপত্তি জানাতে পারতেন। কোনো উদ্যোগ নিয়েছিলেন?’ একপর্যায়ে ইউপি চেয়ারম্যান বলেন, ‘ভুল হয়ে গেছে, মাফ করে দিন।’

আরও পড়ুন