জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানি হত্যায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে সমাবেশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। সমাবেশে গোলাম রব্বানির নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগ তুলে জামালপুরের পুলিশ সুপার ও বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বরখাস্তের দাবি জানানো হয়েছে। আজ শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গত বুধবার রাত ১০টার দিকে বাড়িতে ফেরার পথে বকশীগঞ্জের পাটহাটি মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানি। তিনি অনলাইন পোর্টাল বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি ছিলেন। একই সঙ্গে তিনি একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলার সংবাদ সংগ্রাহক হিসেবে কাজ করতেন। গত বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
আজকের সমাবেশে সিইউজের সভাপতি তপন চক্রবর্তী বলেন, ‘জামালপুরের পুলিশ সুপার একটি টক শোতে বলেছেন, “সাংবাদিক গোলাম রব্বানি হত্যাকাণ্ড, নাকি বিচ্ছিন্ন ঘটনা।” পুলিশ চাইলে হত্যাকাণ্ডের এক ঘণ্টার মধ্যে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পারত। সাংবাদিক গোলাম রব্বানি এর আগে লাইভে এসে পুলিশ ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তাঁর জীবনের নিরাপত্তা চেয়েছিলেন। কিন্তু প্রশাসন নীরব ছিল।’
সমাবেশে সিইউজের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বলেন, ‘একজন সাংবাদিকদের ওপর যখন এ ধরনের নির্মম আচরণ হয়, তখন সারা দেশের সাংবাদিকদের নিরাপত্তাহীনতার কথাটা সবার সামনে চলে আসে। সাংবাদিকদের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকা দরকার।’
সমাবেশে বক্তারা বলেন, গোলাম রব্বানি হত্যাকাণ্ড মুক্ত সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। পেশাদার সাংবাদিকেরা কতটা নিরাপত্তাহীনতায় রয়েছেন, তা এ ঘটনা দেখিয়ে দিয়েছে। অতীতে বিভিন্ন সময় একাধিক সাংবাদিক হত্যার ঘটনা ঘটলেও, ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় বারবার এমন ঘটনা ঘটছে। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তও এখনো শেষ হয়নি।
সিইউজের যুগ্ম সম্পাদক সাইদুল ইসলামের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, সিইউজের সাবেক সভাপতি মোস্তাক আহমদ, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, সিইউজের জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ রুবেল খান প্রমুখ।