ঢাকা বারের ভোট বর্জনের ঘোষণা বিএনপিপন্থী নীল প্যানেলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার আদালত প্রাঙ্গণে ঢাকা আইনজীবী সমিতি ভবনে চলছে এই নির্বাচনের ভোটগ্রহণ
ছবি : প্রথম আলো

ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির (২০২৩-২০২৪) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি–সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল)।

বুধবার রাত ১০টায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব ওমর ফারুক ফারুকী জানিয়েছেন।

ওমর ফারুক ফারুকী প্রথম আলোকে বলেন, ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের প্রথম দিন ভোট কারচুপিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীরা ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।

তবে নির্বাচন পরিচালনায় অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন ঢাকা আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনার মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল্লাহ আবু। তিনি প্রথম আলোকে বলেন, তাঁরা ভুয়া অভিযোগ এনে নির্বাচন বিতর্কিত করার চেষ্টা করছেন। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল হঠকারী সিদ্ধান্ত থেকে সরে এসে নির্বাচনে অংশ নেবে বলে তিনি আশা করেন।

এর আগে সন্ধ্যায় আবদুল্লাহ আবু জানিয়েছিলেন, ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের প্রথম দিন ৫ হাজার ২৮ জন আইনজীবী ভোট দিয়েছেন। বুধবার সকাল নয়টায় ভোট গ্রহণ শুরু হয়ে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবারও একইভাবে ভোট গ্রহণ হবে।

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটার আছেন ১৯ হাজার ৬০০ জন আইনজীবী। পুরান ঢাকার আদালত প্রাঙ্গণে ঢাকা আইনজীবী সমিতি ভবনে বুধবার সকালে এই ভোট গ্রহণ শুরু। বৃহস্পতিবার দিনভর ভোট গ্রহণের মধ্য দিয়ে নির্বাচন শেষ হবে।

নির্বাচনে আওয়ামী লীগ–সমর্থিত সাদা প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মিজানুর রহমান। একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে লড়ছেন গোলাম কিবরিয়া জুবায়ের। অপর দিকে বিএনপি–সমর্থিত নীল প্যানেল থেকে সভাপতি প্রার্থী হয়েছিলেন খোরশেদ মিয়া আলম। সাধারণ সম্পাদক প্রার্থী হন সৈয়দ নজরুল ইসলাম।

আওয়ামী লীগ-সমর্থিত সাদা প্যানেলের অন্যান্য পদের মধ্যে জ্যেষ্ঠ সহসভাপতি পদে রুমানা জামান, সহসভাপতি পদে প্রাণনাথ, কোষাধ্যক্ষ বিবি ফাতেমা, জ্যেষ্ঠ সহসাধারণ সম্পাদক পদে ফাহিম শরীফ, সহসাধারণ সম্পাদক পদে মাহবুব হোসেন, লাইব্রেরি সম্পাদক পদে রেজাউল হক, সাংস্কৃতিক সম্পাদক পদে শিখা ইসলাম, দপ্তর সম্পাদক পদে গোলাম কিবরিয়া, সমাজকল্যাণ সম্পাদক পদে আবুল হাসনাত এবং ক্রীড়া সম্পাদক পদে এস এম মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাদা প্যানেলে সদস্য পদে নির্বাচন করছেন আসলাম হোসেন, কামাল হোসেন, তানজির হোসেন, শারমিন সুলতানা, ইসমত আরা শারমিন, আশিকুল ইসলাম, সঞ্জয় কুমার কর্মকার, গাজী ইমরুল, ইয়াসিন জাহান ভূঁইয়া, নাছির উদ্দীন ও জহির উদ্দিন।

এ ছাড়া বিএনপি-সমর্থিত নীল প্যানেলে অন্যান্য পদের মধ্যে জ্যেষ্ঠ সহসভাপতি পদে আবদুর রাজ্জাক, সহসভাপতি পদে সহিদুজ্জামান, কোষাধ্যক্ষ পদে আবদুর রশীদ মোল্লা, জ্যেষ্ঠ সহসাধারণ সম্পাদক পদে জহিরুল হাসান, সহসাধারণ সম্পাদক পদে সৈয়দ মো. মইনুল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক পদে মাহবুব হাসান, লাইব্রেরি সম্পাদক পদে নার্গিস পারভীন, সাংস্কৃতিক সম্পাদক পদে নূরজাহান বেগম, দপ্তর সম্পাদক পদে আনোয়ারুল ইসলাম ও ক্রীড়া সম্পাদক পদে মোবারক হোসেন প্রার্থী হন।

নীল প্যানেলে সদস্য পদে প্রার্থী হন ইয়াকুব আলী, মোহাম্মদ আরিফ, রেজাউল হক, আলী মর্তুজা, আনোয়ার হোসেন, মাহফুজুর রহমান, সোহেল উদ্দিন, আলী বাবু, মুক্তা বেগম, মোজ্জাম্মেল হক ও রুবিনা আক্তার।

এই নির্বাচন যেন সুষ্ঠুভাবে হয়, সে দাবিতে এক মাস ধরে ঢাকা আইনজীবী সমিতি প্রাঙ্গণে কর্মসূচি পালন করে আসছিলেন বিএনপিপন্থী আইনজীবীরা। তাঁদের অভিযোগ, আগেরবার ভোটে কারচুপি হয়েছে।