শিক্ষাপ্রতিষ্ঠানে সেবা বাড়াতে ৮ কোটি ৭৫ লাখ টাকা বিনিয়োগ পেল শিখো
দেশের সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল শিক্ষা কার্যক্রম বাড়াতে ৮ কোটি ৭৫ লাখ টাকার কৌশলগত বিনিয়োগ পেয়েছে দেশের শিক্ষাপ্রযুক্তি প্রতিষ্ঠান ‘শিখো’। এই অর্থে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে ডিজিটাল পাঠ উপকরণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়াতে চায় প্রতিষ্ঠানটি।
জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী বাংলা মাধ্যমের শিক্ষার্থীদের জন্য পাঠ উপকরণ তৈরির অভিজ্ঞতা রয়েছে শিখোর। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে শহর ও গ্রামের শিক্ষকদের হাতে এমন উপকরণ তুলে দিতে চায় প্রতিষ্ঠানটি, যা তাঁরা সরাসরি ক্লাসে ব্যবহার করতে পারবেন।
এসটিএস গ্রুপের কয়েকটি ব্যবসায়ী পরিবারের সদস্যরা ব্যক্তিগতভাবে বিনিয়োগ করেছেন। ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি) ও গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল এসটিএস গ্রুপের শিক্ষা কার্যক্রমের অংশ। পাশাপাশি সিঙ্গাপুরের ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান ‘ওয়েভমেকার পার্টনার্স’ও আগের ধারাবাহিকতায় নতুন করে বিনিয়োগ করেছে।
শিখো জানিয়েছে, নতুন এই বিনিয়োগের ফলে আন্তর্জাতিক পুঁজির পাশাপাশি দেশের শিক্ষা খাতে বিনিয়োগকারীদের অভিজ্ঞতা ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে তাঁদের যোগাযোগও কাজে লাগানোর সুযোগ তৈরি হয়েছে। দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রযুক্তি সহযোগী হিসেবে কাজের পরিসর বাড়াতে এই বিনিয়োগ সহায়তা করবে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি প্রশিক্ষণকেন্দ্রগুলোর সঙ্গেও কাজ করার পরিকল্পনা রয়েছে শিখোর।
শিখোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহীর চৌধুরী বলেন, ‘আমরা কীভাবে শিখি, কীভাবে কাজ করি, এমনকি আমাদের পক্ষে কী করা সম্ভব, এআই তা বদলে দিচ্ছে। সামনের দিনে সরাসরি শেখা আর ডিজিটাল মাধ্যমে শেখা আরও কাছাকাছি আসবে। শিক্ষক তাঁর অভিজ্ঞতা নিয়ে আসবেন, প্রযুক্তি তাঁকে সহায়তা করবে। এভাবেই শ্রেণিকক্ষ থেকে ক্যাম্পাস, ক্যাম্পাস থেকে কর্মক্ষেত্র পর্যন্ত শেখার ধারাটা এক সুতায় গাঁথা হবে।’