এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি আমিরুল হক
এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এলওএবি) সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ডেল্টা এলপিজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিরুল হক। ২০২৫-২৬ মেয়াদের জন্য এই দায়িত্ব পালন করবেন তিনি। আমিরুল হক এই পদে আজম জে চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন।
আমিরুল হক দেশের অন্যতম বিশিষ্ট শিল্পোদ্যোক্তা। চার দশক ধরে বাণিজ্য ও শিল্প খাতে অবদান রেখে চলেছেন তিনি। আমিরুল হক সিকম গ্রুপ এবং প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসির প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক। দেশের পেট্রো-কেমিক্যাল, শিপিং, বীজ প্রক্রিয়াকরণ ও ভোজ্যতেল শোধনাগার, আটা কল, চিংড়ি হ্যাচারি, ব্যাগ ও স্যাক (বস্তা) উৎপাদন এবং রিয়েল এস্টেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও বৃহৎ শিল্প খাত উন্নয়নে তাঁর সক্রিয় অবদান রয়েছে।
আমিরুল হক চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং দেশের শীর্ষ ব্যবসায়িক সংগঠন বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। দেশের ব্যবসা-বাণিজ্য ও আর্থসামাজিক উন্নয়নে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ একাধিকবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি হিসেবে নির্বাচিত হয়েছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক এবং ইংল্যান্ড থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন আমিরুল হক।