নির্যাতনে প্রকাশ পাচ্ছে নারীবিদ্বেষী সমাজের চিত্র
দিন দিন নারী নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। এসব নির্যাতনের ঘটনায় নারীবিদ্বেষী সমাজের চিত্রই প্রকাশ পাচ্ছে। নারী নির্যাতন বন্ধে পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় কাঠামোয় বিদ্যমান নারীর প্রতি সব ধরনের বৈষম্য দূর করতে হবে।
আজ সোমবার নারী ও কন্যা নির্যাতন এবং সামাজিক অনাচার প্রতিরোধ জাতীয় কমিটির উদ্যোগে বাংলাদেশ মহিলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত জাতীয় সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস (২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর) পালন উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের মিলনায়তনে ‘নারী ও কন্যা নির্যাতন বন্ধ করি, নতুন সমাজ নির্মাণ করি’ প্রতিপাদ্য নিয়ে সম্মেলনের আয়োজন করা হয়।
সভাপতির বক্তব্যে নারী ও কন্যা নির্যাতন এবং সামাজিক অনাচার প্রতিরোধ জাতীয় কমিটির চেয়ারপারসন বিশিষ্ট আইনজীবী এম আমীর-উল ইসলাম বলেন, নারীরা সামষ্টিকভাবে সমাজের জন্য কাজ করছেন। তাঁদের বৈষম্য থেকে মুক্ত করতে হবে। জাতি গঠনের জন্য পরিবারের মাধ্যমে, পাঠ্যক্রমের মাধ্যমে মূল্যবোধ কীভাবে তৈরি করা যায়, সে বিষয়ে কাজ করতে হবে। বাংলাদেশের শিকড় পরিবার, সমাজ ও সংসারকে শক্তিশালী করতে এর বিকল্প নেই।
সম্মেলনে জাতীয় কমিটির সদস্য ও সাংবাদিক আবুল মোমেন বলেন, দিন দিন ক্ষমতাপ্রাপ্ত নারীর সংখ্যা বাড়ছে, সেসব নারী ক্ষমতায়নের উদাহরণ। এর বিপরীতে নারীর প্রতি সহিংসতাও অনেক বেশি। এখন নারী নির্যাতনের যে সামাজিক চিত্র পাওয়া যাচ্ছে, সেটা নারীবিদ্বেষী সমাজের। নারীর প্রতি সহিংসতার সামাজিক ও সাংস্কৃতিক উপাদান রয়েছে চারপাশে। রাজনীতিও এর বিরুদ্ধে সক্রিয় অবস্থান নিচ্ছে না। ধর্মের নামে নারীবিদ্বেষ ছড়ানোর বিষয়টিকেও শনাক্ত করা প্রয়োজন।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সাধারণভাবে বলা হয়, নারী–পুরুষের মধ্যে বৈষম্যের কারণে নির্যাতন বেশি হয়।
উল্টোভাবে নির্যাতনের ধারাবাহিকতার কারণে আরও বেশি বৈষম্যের সৃষ্টি হয়। দেশ এখন নিম্ন–মধ্যম আয়ের। কোনো দেশ নারীর সুরক্ষা নিশ্চিত না করে উচ্চ আয়ের দেশে উত্তরণ ঘটাতে পারেনি। নারীর প্রতি সাংস্কৃতিক, আইনি, রাজনৈতিক বৈষম্য দূর করতে হবে। রাজনৈতিক দলগুলোর ওপর চাপ সৃষ্টি করতে হবে, যেন দলগুলো আগামী নির্বাচন ঘিরে তৈরি নির্বাচনী ইশতেহারে অভিন্ন পারিবারিক আইনের বিষয়টি যুক্ত করে। অভিন্ন পারিবারিক আইনের মাধ্যমে বিবাহ, উত্তরাধিকার, বিবাহবিচ্ছেদ, দত্তক ও অভিভাবকত্বের বিষয়ে বৈষম্য দূর করতে হবে।
সাইবারজগতেও এখন নারীর প্রতি সব ধরনের নির্যাতন চলে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক কাবেরী গায়েন। তিনি বলেন, অনলাইন সংবাদমাধ্যমে নারীবিষয়ক যেকোনো লেখার নিচে কুৎসিত মন্তব্য করা হয়। যেন নারী কিছুই করতে পারবেন না। সাইবারজগতে নির্যাতনের শিকার হলে কী করতে হবে, কোথায় অভিযোগ করতে হবে, সে সম্পর্কেও অনেক নারী জানেন না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক তাসলিমা ইয়াসমীন নারী নির্যাতনের বিষয়টিকে জাতীয় পর্যায়ে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বৈষম্যহীন আইনি কাঠামো প্রয়োজন। আইন নিয়ে গবেষণা করতে গেলে দেখা যায়, আইনগুলো পিতৃতান্ত্রিক বলয়ে তৈরি করা হয়েছে। কারণ, আইন তৈরির সঙ্গে যাঁরা যুক্ত, তাঁরাও পিতৃতান্ত্রিক ধ্যানধারণা পোষণ করেন।
জাতীয় সম্মেলনটি সঞ্চালনা করেন জাতীয় কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম। তিনি বলেন, নারীর প্রতি সহিংসতা নির্মূলে নানা পদক্ষেপ থাকলেও সহিংসতার কারণ, উৎস বিভিন্ন দেশের প্রেক্ষাপটে আলাদা।
এর মূলে আছে সমাজে নারী ও পুরুষের মধ্যে থাকা অসম ক্ষমতা। সম্মেলনে পাওয়া বিভিন্ন সুপারিশের মাধ্যমে নারী নির্যাতন বন্ধে সুনির্দিষ্ট করণীয় নির্ধারণ করা হবে বলে তিনি জানান।
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় কমিটির সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী এ কে রাশেদুল হক। মূল প্রবন্ধে বলা হয়, ২ বছরের শিশু থেকে ৭৫ বছরের বৃদ্ধা পর্যন্ত নারী নির্যাতন থেকে রক্ষা পাননি। ১৩টি জাতীয় পত্রিকায় প্রকাশিত তথ্য অনুসারে, ২০২১ সালে ধর্ষণের ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি ৮১০টি। এ ছাড়া দলবদ্ধ ধর্ষণ ২২৫টি, ধর্ষণচেষ্টা ১৯২টি, উত্ত্যক্তকরণ ও যৌন হয়রানির ঘটনা ঘটেছে ৯৬টি, যৌতুকের কারণে হত্যা করা হয়েছে ৪৫ নারীকে। এ বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ৩ হাজার ৬৭ জন নারী ও শিশু নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছে।
ঘোষণাপত্র পাঠ করেন জাতীয় কমিটির সদস্য ও বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু। সেখানে তিনি বলেন, নারী ও কন্যার প্রতি সহিংসতার ইস্যুটিকে গুরুত্বের সঙ্গে চিহ্নিত করে তা নির্মূলের মাধ্যমে নারীর মানবাধিকার সুরক্ষার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছে এই জাতীয় সম্মেলন।
সম্মেলনের শুরুতে লাভা বিশ্বাস নন্দিনী এবং পরিধি মজুমদার নাচ পরিবেশন করেন। সম্মেলনে বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্র ও ৪২টি জেলা শাখার নারী ও কন্যা নির্যাতন এবং সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির নেতা–কর্মীরা অংশ নিয়েছিলেন।