এইচএসসিতে ক্যাডেটে পাসের হার শতভাগ, জিপিএ-৫ পেয়েছেন ৯৪ শতাংশের বেশি

এইচএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ ভালো ফলের পর ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে কৃতী ক্যাডেটদের দলগত ছবি। ৩১ অক্টোবর ২০২৬ছবি: আইএসপিআরের সৌজন্যে

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় দেশের ১২টি ক্যাডেট কলেজেই পাসের হার শতভাগ। এসব প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৫৬৯ জন শিক্ষার্থীর মধ্যে ৫৩৬ জনই জিপিএ-৫ পেয়েছেন, যা মোট পরীক্ষার্থীর ৯৪ দশমিক ২০ শতাংশ।

আজ শনিবার এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্যাডেট কলেজসহ সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠানগুলোর এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যাডেট কলেজগুলো ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠানের গড় পাসের হার ৯৬ দশমিক ৫১ শতাংশ। এর মধ্যে বাংলা মাধ্যমের ৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৭ হাজার ২১৩ জন এবং ইংরেজি মাধ্যমের ১২টি প্রতিষ্ঠান থেকে ৮২৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। সব মিলিয়ে অংশগ্রহণকারী ১৮ হাজার ৪০ জন শিক্ষার্থীর মধ্যে ১৭ হাজার ৪১০ জন উত্তীর্ণ হয়েছেন। তাঁদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৬১৯ জন।

আইএসপিআর আরও জানায়, ক্যাডেট কলেজগুলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল ও ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সভাপতির প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান। ভালো ফলাফলের পাশাপাশি ক্যাডেটদের চৌকস ও সুনাগরিক হিসেবে গড়ে তোলাই এসব প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। এ কারণে ক্যাডেটদের দৈনন্দিন কার্যক্রমে লেখাপড়ার পাশাপাশি চরিত্র গঠন ও সহশিক্ষা কার্যক্রমে সমান গুরুত্ব দেওয়া হয়ে থাকে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিনিয়ত যুগোপযোগী শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম যুক্ত হচ্ছে।