উত্তরায় বাসের ধাক্কায় প্রাণ গেল কৃষকের
রাজধানীর উত্তরায় সড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় মো. পরশ মিয়া (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ সোমবার বিকেলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত কৃষকের ভাগনে মো. জামাল হোসেন বলেন, সকালে পরশ মিয়া বাসা থেকে বিজয় সরণিতে তাঁর এক ভাগনের বাসায় গিয়েছিলেন। সেখান থেকে উত্তরার চালাবনের ভাড়া বাসায় ফেরার পথে আজমপুর এলাকায় একটি গাড়ি থেকে নামেন তিনি। পরে উত্তরা পূর্ব থানার সামনে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির অজ্ঞাতপরিচয় একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে উত্তরার কুয়েত–বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নিয়ে যান। পরে খবর পেয়ে স্বজনেরা সেখান থেকে বেলা পৌনে তিনটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। এ সময় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক প্রথম আলোকে বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
পরশ মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মধ্যনগর গ্রামে। তিনি মৃত সামাদ সরকারের ছেলে। বর্তমানে তিনি উত্তরার চালাবন এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। তিনি তিন মেয়ে ও এক ছেলের বাবা ছিলেন।