ঢাকায় রুশ কবির আঁকা ছবির প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্যমন্ত্রী হাছান মাহমুদকে গ্যালারি ঘুরিয়ে নিজের আঁকা চিত্রকর্ম দেখাচ্ছেন ইয়েচিনা সোফিয়া। সোমবার সন্ধ্যায় ধানমন্ডির গ্যালারি চিত্রকে
ছবি: প্রথম আলো

ইয়েচিনা সোফিয়াকে লাগছিল রাজকন্যার মতো। গ্যালারিতে উপস্থিত সবাইকে হাসিমুখে অভ্যর্থনা জানাচ্ছিলেন তিনি। যেন প্রথমবার তাঁর আঁকা ছবির প্রদর্শনী হচ্ছে।

অথচ পৃথিবীর বিভিন্ন দেশে তাঁর অন্তত ২০টি প্রদর্শনী হয়েছে। চলতি বছরেই চতুর্থ প্রদর্শনী হয়েছে সার্বিয়ায়। সেখানেই থাকেন তিনি। দেশটিতে ভীষণ জনপ্রিয় এই তরুণ শিল্পী ও কবি।

আজ সোমবার সন্ধ্যায় ধানমন্ডির গ্যালারি ‘চিত্রক’-এ শুরু হয়েছে রুশ শিল্পী ইয়েচিনা সোফিয়ার একক চিত্র প্রদর্শনী ‘আমার নীল গল্পগুলো’। প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ শিল্পী ও কবির দেশ। এই দেশের স্বাধীনতার সময় রাশিয়া বন্ধুর মতো সমর্থন জুগিয়েছিল। বন্ধুরাষ্ট্রের একজন শিল্পীর চিত্র প্রদর্শনী আমাদের কাছে গুরুত্বপূর্ণ। একজন শিল্পী রং-তুলি দিয়ে সমাজের নানা বিষয় তুলে ধরেন।

কাজটি যেমন কঠিন, তেমনই এর গুরুত্বও অনেক। অনেক কালজয়ী শিল্পীর শিল্পকর্ম পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে। আশা করি সোফিয়ার এই প্রদর্শনী দুই দেশের বন্ধনকে আরও দৃঢ় করবে।’

শিল্পী সৈয়দ আবুল বার্‌ক্‌ আলভীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি। প্রদর্শনীর ছবিগুলোর উচ্ছ্বসিত প্রশংসা করেন তিনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চিত্রকের নির্বাহী পরিচালক শিল্পী মো. মনিরুজ্জামান।

অনুষ্ঠানে ইয়েচিনা সোফিয়া বলেন, ‘বাংলাদেশ খুব সুন্দর একটা দেশ। এখানে নিজের ছবির একটি প্রদর্শনী করতে পেরে আমি গর্বিত। আর এখানে আসার জন্য আমার বাবা-মাকেও ধন্যবাদ।’

সোফিয়ার বাবা লিও এবং মা মারিয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কাজ করেন। সোফিয়ার সঙ্গে ছবি তুলছিলেন প্রদর্শনীতে আসা অতিথিরা। মা মারিয়া সেই দৃশ্য ধরে রাখছিলেন মুঠোফোনে। আলাপের ফাঁকে লিও বললেন, ‘মেয়েকে নিয়ে আমরা ভীষণ গর্বিত। দেখুন বাংলাদেশের একটি বাসের ছবিও এঁকেছে সে।’

অ্যাক্রিলিক ও অয়েল প্যাস্টেলে আঁকা সোফিয়ার ছোট-বড় ৬২টি ছবি স্থান পেয়েছে প্রদর্শনীতে। জন্মভূমি রাশিয়া ও কর্মস্থল সার্বিয়ার নানা দৃশ্য তিনি তুলে ধরেছেন প্রদর্শনীর ছবিগুলোতে। ছবিগুলোর বাছাই বিন্যাস করেছেন কবি আমিনুর রহমান।

তিনি জানান, সার্বিয়ার এক কবিবন্ধুর কাছ থেকেই তিনি সোফিয়ার কথা জানতে পেরেছেন। তাই তাঁকে এখানে প্রদর্শনীর আমন্ত্রণ জানিয়েছিলেন।

‘আমার নীল গল্পগুলো’ প্রদর্শনী চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। দর্শনার্থীদের জন্য চিত্রক খোলা থাকবে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। এ ছাড়া বুধবার বিকেল সাড়ে ৫টায় গ্যালারিতে নিজের লেখা কবিতা পড়ে শোনাবেন সোফিয়া।