চট্টগ্রামে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু
চট্টগ্রামে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়েছে ৩৩ জনের।
মঙ্গলবার সন্ধ্যায় জেলা সিভিল সার্জন কার্যালয় গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টার ডেঙ্গু পরিস্থিতির যে হিসাব দিয়েছে, সেখানে এই তথ্য জানানো হয়।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, ডেঙ্গুতে গতকাল মারা যাওয়া ব্যক্তির নাম মো. মাহিদুল (৩৫)। তিনি নগরের চান্দগাঁও এলাকার বাসিন্দা ছিলেন। গত শনিবার নগরের পাঁচলাইশে পার্ক ভিউ হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হন মাহিদুল। গতকাল সোমবার সেখানেই তাঁর মৃত্যু হয়।
সিভিল সার্জন কার্যালয়ের হিসাবে এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে ১১ জনের মৃত্যু হলো।
জুলাইয়ের প্রথম তিন দিনে ১১২ জনসহ চট্টগ্রামে এ বছর ৬১৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১০৫ জন। জুনে ৩১৮ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছিল।
এদিকে চলতি বছর দেশে এক দিনে ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত) পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৬৭৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।