নাশকতার অভিযোগে সারা দেশে ৩০৪ জনকে গ্রেপ্তার: র‍্যাব

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিক সময়ে সংঘটিত নাশকতার অভিযোগে ৩০৪ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ রোববার র‍্যাব সদর দপ্তরের মিডিয়া সেল থেকে পাঠানো এক খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।

র‍্যাবের খুদে বার্তায় বলা হয়, ঢাকায় ৭৭ ও ঢাকার বাইরে ২২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ, সংঘর্ষ, সংঘাত, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার অভিযান চালাচ্ছে।

বিভিন্ন মহানগর ও জেলা পুলিশ সূত্রের তথ্য অনুযায়ী, গতকাল শনিবার পর্যন্ত ১১ দিনে (১৭-২৭ জুলাই) মোট গ্রেপ্তারের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে।

কোটাপ্রথা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা লাগাতার কর্মসূচি শুরু করেন ১ জুলাই। ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সংঘর্ষের পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে প্রায় সারা দেশে। এর পরদিন থেকে এই আন্দোলনকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় হামলা, সংঘর্ষ, সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও হতাহতের ঘটনা ঘটে। বিভিন্ন জায়গায় এসব ঘটনায় মামলা করা হয়েছে। এখনো বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে।

আরও পড়ুন

এখন পর্যন্ত গ্রেপ্তার করা ব্যক্তিদের একটি বড় অংশ বিএনপি ও জামায়াতে ইসলামী এবং দল দুটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী। পাশাপাশি বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা বিভিন্ন দলের শীর্ষস্থানীয় নেতাদেরও গ্রেপ্তার করা হচ্ছে।

আরও পড়ুন