বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের অনেক কর্মকর্তা বাতিল করা ফরমে গত বছরের বার্ষিক গোপনীয় অনুবেদন (এসিআর) জমা দিয়েছেন। এ নিয়ে জটিলতার আশঙ্কা করছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ জন্য সেগুলো নাকচ না করে বিশেষ বিবেচনায় গড় নম্বর দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। তবে এ সিদ্ধান্ত কেবল ২০২১ সালের এসিআরের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
আদেশে বলা হয়, গোপনীয় অনুবেদন ফরম এবং এ–সংক্রান্ত ২০১২ সালের অনুশাসনমালাটি গত বছরের ৭ জানুয়ারি বাতিল করা হয়। একই সঙ্গে নতুন ফরম এবং অনুশাসনমালা-২০২০ জারি করা হয়। এটি বেসামরিক প্রশাসনের নবম গ্রেড ও তার ওপরের কর্মকর্তাদের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু প্রাপ্ত তথ্য পর্যালোচনায় দেখা যায়, বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, দপ্তর, সংস্থা বা প্রতিষ্ঠানের অনেক কর্মকর্তা বাতিল করা ফরমে ২০২১ সালের এসিআর জমা দিয়েছেন। এই বিপুলসংখ্যক কর্মকর্তার এসিআর নাকচ করা হলে তাঁদের পদোন্নতি, পদায়ন ও অন্যান্য ক্ষেত্রে ব্যাপক প্রশাসনিক জটিলতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এ জন্য বিশেষ বিবেচনায় নির্ধারিত পদ্ধতিতে গড় নম্বর দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হলো।