সরকার উৎখাতে একটি মহল অপতৎপরতা শুরু করেছে: ঢাবি নীল দল
দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করে সরকার উৎখাতের জন্য ‘একটি মহল’ অপতৎপরতা শুরু করেছে বলে দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল। তারা বলেছে, একটি মহল প্রকাশ্যে বর্তমান গণতান্ত্রিক সরকারকে উৎখাতের হুমকি দিচ্ছে। এটি রাষ্ট্রদ্রোহের শামিল। একটি রাজনৈতিক দল কর্তৃক ১০ ডিসেম্বর ঢাকায় জনসভার কর্মসূচি দেওয়া হয়েছে। ১৯৭১ সালের ১০ ডিসেম্বর থেকে বুদ্ধিজীবী হত্যার নীলনকশা চূড়ান্তভাবে বাস্তবায়ন শুরু হয়েছিল। কাজেই এই দিনে রাজনৈতিক কর্মসূচির নামে যুদ্ধংদেহী পরিস্থিতি তৈরি একাত্তরের নৃশংসতাকে মনে করিয়ে দেয়।
আজ শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় নীল দলের আহ্বায়ক মো. আবদুছ সামাদ এবং যুগ্ম আহ্বায়ক মো. আবদুর রহিম ও মো. আকরাম হোসেন।
আওয়ামীপন্থী শিক্ষকদের বিবৃতিতে বলা হয়, কিছুদিন ধরে লক্ষ করা যাচ্ছে যে একটি মহল দেশে বিদ্যমান শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করে রাজনৈতিক অঙ্গনে নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতায় লিপ্ত রয়েছে। নীল দল এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে৷ গণতান্ত্রিক পন্থায় ক্ষমতা পরিবর্তনের একমাত্র উপায় নির্বাচন। বর্তমান সরকার ২০২৪ সালে একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের সব প্রচেষ্টা অব্যাহত রেখেছে। একটি রাজনৈতিক দল কর্তৃক ১০ ডিসেম্বর ঢাকায় জনসভার কর্মসূচি দেওয়া হয়েছে। ১৯৭১ সালের ১০ ডিসেম্বর থেকে বুদ্ধিজীবী হত্যার নীলনকশা চূড়ান্তভাবে বাস্তবায়ন শুরু হয়েছিল। কাজেই এই দিনে রাজনৈতিক কর্মসূচির নামে যুদ্ধংদেহী পরিস্থিতি তৈরি একাত্তরের নৃশংসতাকে মনে করিয়ে দেয়। বঙ্গবন্ধুকে সপরিবার নির্মমভাবে হত্যা করার পর অবৈধভাবে ক্ষমতা দখল করে একটি অগণতান্ত্রিক সরকার সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের স্থানে শিশুপার্ক নির্মাণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার অপচেষ্টায় লিপ্ত হয়েছিল। মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার অনুমতি পাওয়া সত্ত্বেও একটি মহলের জনস্বার্থ বিঘ্ন করে রাস্তায় জনসভা করার অনড় অবস্থানের কারণে ৭ ডিসেম্বর পল্টনে একজন নিরীহ পথচারীর দুঃখজনক প্রাণহানি ঘটেছে, যা কোনোভাবেই কাম্য নয়৷
নীল দলের এই বিবৃতিতে বলা হয়, শেখ হাসিনার সরকার টানা তিনবার রাষ্ট্রক্ষমতায় থাকায় বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। এর সুফল জাতি ভোগ করছে। দক্ষতার সঙ্গে করোনা মোকাবিলা এবং উন্নয়ন-অগ্রগতি অব্যাহত রাখায় বিশ্ব সম্প্রদায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছে। অন্যদিকে রাজনৈতিক কর্মসূচির নামে ২০১৪ সালে ২০০ জনের বেশি মানুষকে হত্যার জন্য দায়ী একটি মহলের নেতিবাচক রাজনীতি, জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা, অগ্নিসন্ত্রাস, হরতাল-ধর্মঘট আর জ্বালাও-পোড়াওয়ের মতো জাতিবিধ্বংসী ভাবমূর্তির বাইরে আগামী নির্বাচনে জনগণের কাছে উপস্থাপনের মতো রাজনৈতিক পুঁজি তাদের হাতে নেই৷ তাই দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করে সরকার উৎখাতের জন্য এই মহল অপতৎপরতা শুরু করেছে। প্রকাশ্যে গণতান্ত্রিক সরকার উৎখাতের হুমকিও তারা দিচ্ছে, যা রাষ্ট্রদ্রোহের শামিল।
বিবৃতিতে আরও বলা হয়, ‘আশা করি, সবার শুভবুদ্ধির উদয় হবে এবং বিধ্বংসী রাজনীতির পথ পরিহার করে সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরে আসবে। জনস্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশ রাষ্ট্রের বিধান অনুযায়ী কর্মসূচি পালনের অধিকার ভোগ করার জন্য সবার প্রতি আহ্বান জানাই। অন্যথায় গণতান্ত্রিক ধারা বাধাগ্রস্ত হলে তা কারও জন্যই মঙ্গলজনক হবে না।’