তরুণদের অংশগ্রহণে ঢাকায় শুরু হলো ইয়ুথ কনক্লেভ
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তরুণদের অংশগ্রহণে শুরু হয়েছে ‘ইয়ুথ কনক্লেভ ২০২৬’। আজ রোববার সকালে রাজধানীর বিজয় সরণির সামরিক জাদুঘরে এই সম্মেলন শুরু হয়। প্ল্যান ইন্টারন্যাশনাল ও প্রথম আলোর যৌথ আয়োজনে দিনব্যাপী এ সম্মেলন চলবে।
সকাল সাড়ে ১০টার কিছু আগে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা হয়। আয়োজকেরা বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে ১০২ জন তরুণ এতে অংশ নিয়েছেন। এতে তরুণদের পাশাপাশি সরকারি, বেসরকারি ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত আছেন।
সম্মেলনের উদ্বোধনী বক্তব্য দেন প্ল্যান ইন্টারন্যাশনালের প্রোগ্রাম ডিরেক্টর মাহিন নেওয়াজ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরী।
সম্মেলনে শাসনব্যবস্থায় তরুণদের ভূমিকা, সিদ্ধান্ত গ্রহণে তাঁদের অংশগ্রহণ এবং প্রতীকী উপস্থিতির বাইরে গিয়ে কার্যকর সম্পৃক্ততা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পাবে। এ নিয়ে দুটি প্যানেল আলোচনার আয়োজন করা হয়েছে, যেখানে তরুণেরা সরাসরি নিজেদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরার সুযোগ পাবেন।
বিকেলের সেশনে ছয়জন তরুণকে ‘ইয়ুথ ইকুয়ালিটি অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে বলে আয়োজকেরা জানিয়েছেন।