ফিলিস্তিনিদের মুক্তির উপায় পুঁজিবাদী ব্যবস্থাকে বিদায়: অধ্যাপক সিরাজুল ইসলাম
ফিলিস্তিনে ইসরায়েলের হামলাকে যুদ্ধ নয়, গণহত্যা বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেছেন, আসলে এটা কোনো যুদ্ধ নয়। এটা গণহত্যা। যার কারণ আধিপত্য বিস্তার আর জবর দখল। গাজা থেকে মানুষ উৎখাত করে জবর দখলের জন্য এই গণহত্যা করা হচ্ছে।
ফিলিস্তিনিদের মুক্তির উপায় পুঁজিবাদী ব্যবস্থাকে বিদায় করার মধ্যে নিহিত বলে সিরাজুল ইসলাম চৌধুরী মনে করেন। তিনি বলেন, আজকে যত উন্নতি তত বৈষম্য, যত উন্নতি, তত ধ্বংস। যত বেশি উন্নতি হচ্ছে, মানুষের মধ্যে তত বিষণ্নতা, হতাশা বাড়ছে। পৃথিবীজুড়ে যে হতাশা বিরাজ করছে, তার কারণ পুঁজিবাদ। পুঁজিবাদকে বিদায় করতে হবে। এ জন্য প্রতিটা দেশে প্রয়োজন সামাজিক বিপ্লব। এককথায় সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।
আজ শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে ফিলিস্তিনিদের প্রতি সংহতি সমাবেশে সিরাজুল ইসলাম চৌধুরী এসব কথা বলেন। ফিলিস্তিন সংহতি কমিটি, বাংলাদেশ এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে অর্থনীতিবিদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ফিলিস্তিনে দশকের পর দশক ধরে পরিকল্পিত হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। সেখানে যে নারকীয় হত্যাযজ্ঞ চলছে, তার মধ্য দিয়ে রাষ্ট্রটি বিলুপ্ত হওয়ার পথে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আজকের দিনের হিটলার বলে উল্লেখ করেন তিনি।
ফিলিস্তিনে ইসরায়েলি হামলা বন্ধে ব্যবস্থা না নেওয়ায় সৌদি আরবসহ আরব বিশ্বের কড়া সমালোচনা করেন আনু মুহাম্মদ। তিনি বলেন, ফিলিস্তিনের পাশেই অনেকগুলো আরব দেশ। সৌদি আরব হলো তাদের মধ্যে সবচেয়ে সম্পদশালী এবং ক্ষমতাবান। অথচ দেশটি কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এমনকি জোর গলায় একটা কথাও বলে না। বাহরাইন, কুয়েত, কাতারের মতো সম্পদশালী দেশগুলো কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। আরব লিগ, ওআইসি কোনো ভূমিকা নেয়নি। এটা একটা ভয়ংকর পরিস্থিতি।
ফিলিস্তিনের পাশে দাঁড়ানো শুধু দেড় শ কোটি মুসলমানের নয়, সাত শ কোটি বিশ্ববাসীর দায়িত্ব বলে উল্লেখ করেন আনু মুহাম্মদ।
সমাবেশে ফিলিস্তিনিদের নির্যাতনের চিত্র তুলে ধরে বিবর্তন সংস্কৃতি কেন্দ্র নাটক প্রদর্শন করে। কবিতা আবৃত্তি করেন কবি হাসান ফকরী। সমাবেশে বাম সংগঠনগুলোর নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে মিছিল করা হয়।