চট্টগ্রামে ডাস্টবিনে পাওয়া কাটা হাত দুর্ঘটনায় আহত এক নারীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুনুছ বাহার

চট্টগ্রাম নগরের ডাস্টবিন থেকে উদ্ধার কাটা হাতটি দুর্ঘটনায় আহত এক নারীর। তাঁর নাম জুনুছ বাহার। তিনি কক্সবাজারের চকরিয়ার বাসিন্দা। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ ও ওই নারীর পরিবার।

গতকাল মঙ্গলবার নগরের খুলশী থানার জাকির হোসেন রোডসংলগ্ন ঢেবার পাড় এলাকা থেকে হাতটি উদ্ধার করে পুলিশ। হাতটি ছিল কনুই থেকে কাটা। সেটি ব্যান্ডেজের কাপড় মোড়ানো। সেলাইও রয়েছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা প্রথম আলোকে বলেন, ওই খণ্ডিত হাতের আঙুলের ছাপ নেয় সিআইডি। সেখান থেকে জানা যায়, বিচ্ছিন্ন হাতটি চকরিয়ার বাসিন্দা জুনুছ বাহারের। সেখান থেকে পাওয়া ঠিকানায় চকরিয়া থানার মাধ্যম ওই নারীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। সেখান থেকে জানা যায়, চকরিয়া থেকে চিকিৎসার জন্য চট্টগ্রামে আসার পথে বাঁশখালীতে সড়ক দুর্ঘটনা আহত হয়ে হাতে আঘাত পান ওই নারী। পরে তাঁকে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচারের পর তাঁর ডান হাতটি কনুই থেকে কেটে ফেলা হয়।

কাটা হাত পাওয়ার খবর শুনে ঘটনাস্থলে যায় পুলিশ
ছবি: সংগৃহীত

ওই নারীর ছেলে গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, তাঁর মা জুনুছ বাহার হৃদ্‌রোগী। গত শনিবার চকরিয়া থেকে মায়ের চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে তাঁরা চট্টগ্রাম শহরে আসছিলেন। পথে বাঁশখালী সদরে তাঁদের বহনকারী অ্যাম্বুলেন্সটির সামনে একজন পথচারী পড়লে অ্যাম্বুলেন্সটি সড়ক থেকে ছিটকে নিচে পড়ে যায়। এতে তাঁর মায়ের ডান হাত ভেঙে যায়। তিনি নিজেও এবং তাঁর চাচাতো বোন আহত হন। আর চালক পালিয়ে যান। ঘটনার পরপরই তাঁর মাকে নগরের জিইসি মোড় এলাকায় এশিয়ান হাসপাতালে ভর্তি করান। সেখান থেকে হাতের অস্ত্রোপচারের জন্য নগরের আরেকটি বেসরকারি হাসপাতাল সার্জিস্কোপ–২ নিয়ে যান। সেখানে গত সোমবার তাঁর মায়ের অস্ত্রোপচার হলে চিকিৎসকের পরামর্শে হাতটি কেটে ফেলতে হয়। পরে তাঁদের এক আত্মীয় খণ্ডিত হাতটি হাসপাতালের এক ক্লিনারকে কবরস্থানে দাফন করে দিতে বলেলিছেন। কিন্তু গতকাল তাঁরা পুলিশের কাছ থেকে খণ্ডিত হাত উদ্ধারের বিষয়টি জানতে পারেন। তাঁরা মর্গে গিয়ে হাতটি শনাক্ত করেন।

 গিয়াস উদ্দিন বলেন, সম্ভবত এই ক্লিনার হাতটি দাফন না করে ডাস্টবিনে ফেলে দিয়েছেন। জুনুছ বাহার এখন অনেকটাই সুস্থ বলে জানিয়েছেন গিয়াস।

জানতে চাইলে সার্জিস্কোপ হাসপাতালের ব্যবস্থাপক ইমামুল হক নিজামী বলেন, ‘আমাদের ওখানে এই অপারেশন কখন হয়েছে খোঁজ নিতে হবে। আমরা চট্টগ্রাম সেবা সমিতিকে বর্জ্য দিয়ে দিই। তারা নিয়মমতো ডাম্পিং করার কথা। কিন্তু খুলশীতে কীভাবে গেল, তা জানি না।’

আরও পড়ুন