৫২টি গ্রন্থাগারের বই পাঠ কর্মসূচির সমাপনী ও পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্য সিমিন হোসেন রিমি। শুক্রবার বিকেলে গেন্ডারিয়ার কামাল স্মৃতি পাঠাগারে
ছবি: সংগৃহীত

পুরান ঢাকার লালবাগের গ্রন্থবিতান লাইব্রেরির খোলা চত্বরে শুক্রবার সকালে বসেছিল অভিন্ন বইপাঠ কর্মসূচির প্রথম পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ঢাকা ও ঢাকার বাইরের ৫২টি গ্রন্থাগারের প্রতিনিধি ও বিশিষ্টজনেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সকাল ১০টায় পাঠ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ জাদুঘর অন্যতম ট্রাস্টি মফিদুল হক। বিশেষ অতিথি ছিলেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুর ও সাংবাদিক কাজী আলিম–উজ–জামান।

মফিদুল হক তাঁর বক্তব্যে দেশের সামাজিক শক্তিগুলোকে এক হওয়ার আহবান জানান। সারা দেশের পাঠাগারগুলোর অভিন্ন বইপাঠ কর্মসূচিটি আরও ব্যাপক পরিসরে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করার কথা বলেন।

কবি মিনার মনসুর দেশের পাঠাগারগুলোর যেকোনো উদ্যোগে পাশে থাকার অঙ্গীকার করেন।

কাজী আলিম–উজ–জামান তাঁর বক্তব্যে পাঠাগারগুলো যাঁরা পরিচালনা করেন, তাঁদের নিজেদেরও বই পড়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলছেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। শুক্রবার সকালে লালবাগের গ্রন্থবিতান লাইব্রেরিতে
ছবি: সংগৃহীত

অভিন্ন বইপাঠ কর্মসূচির প্রধান সমন্বয়ক দনিয়া পাঠাগারের সভাপতি শাহনেওয়াজ তাঁর স্বাগত বক্তব্যে সামনের দিনগুলোতে এই কর্মসূচিতে আরও পাঠাগার সম্পৃক্ত করার কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রন্থবিতানের সভাপতি গাজী মো. নেয়ামত হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অংশ নেওয়া পাঠাগার প্রতিনিধিদের নিয়ে ‘গ্রন্থাগারের ঐতিহ্য নবায়ন’ শীর্ষক একটি লেকচার ওয়ার্কশপ পরিচালনা করেন মফিদুল হক।

প্রথম পর্ব শেষে বেলা তিনটায় পুরান ঢাকার গেন্ডারিয়ার কামাল স্মৃতি পাঠাগারে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সিমিন হোসেন রিমি। বিশেষ অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা ম. হামিদ। অংশগ্রহণকারী ৫২টি পাঠাগার থেকে নির্বাচিত তিনজন শ্রেষ্ঠ পাঠককে আইএফআইসি ব্যাংক ও আগামী প্রকাশনীর পক্ষ থেকে বই এবং সার্টিফিকেট দেওয়া হয়।

প্রথম পর্বে কবি ও জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুরের লেখা তিনটি বই—এক অনন্য পিতা পুত্রীর গল্প (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি), মুক্তিযুদ্ধের উপেক্ষিত বীর যোদ্ধা (নবম থেকে দ্বাদশ শ্রেণি), নির্বাচিত কবিতা (বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য) নিয়ে এই পাঠ কর্মসূচি চলে।

গত ১৩ সেপ্টেম্বর এক সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এ বইপাঠ কার্যক্রমের সূচনা হয়।