অনুপ্রেরণাদায়ী নারীদের নিয়ে পডকাস্ট ‘তাঁHER কথা’: প্রথম পর্বের অতিথি অদিতি মহসীন
দেশের বিভিন্ন ক্ষেত্রে সফল ও অনুপ্রেরণাদায়ী নারীদের নিয়ে প্রথম আলো ডটকমের আয়োজনে আজ থেকে শুরু হচ্ছে পডকাস্ট শো ‘তাঁHer কথা’। প্রতি পর্বে একজন করে অতিথির সংগ্রাম, সাফল্য, নেতৃত্ব এবং জীবনের গুরুত্বপূর্ণ অভিজ্ঞতার অজানা গল্প তুলে ধরা হবে এ আয়োজনে।
১০ পর্বের পডকাস্ট শোটির প্রথম পর্ব প্রচারিত হবে আজ বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায়, প্রথম আলোর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এরপর পাক্ষিকভাবে প্রচারিত হবে প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বৃহস্পতিবার। পডকাস্ট শোটি উপস্থাপনায় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক মোহাম্মদ রিদওয়ানুল হক।
প্রথম পর্বে অতিথি হিসেবে এসেছেন প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী এবং ছায়ানটের জ্যেষ্ঠ শিক্ষক অদিতি মহসীন। গান কীভাবে একজন নারীর কণ্ঠস্বর হয়ে ওঠে আর সেই কণ্ঠস্বর কীভাবে একটি পরিবার, একটি সমাজ আর একটি জাতির ভেতরে জায়গা করে নেয়—এ সব ভিন্নধর্মী প্রসঙ্গ উঠে এসেছে আড্ডায়।
মোহাম্মদ রিদওয়ানুল হক বলেন, ‘প্রতিটি নারীর জীবনের গল্পই আলাদা, আর সেই গল্পের ভেতরে থাকে সংগ্রাম, সাহস, সিদ্ধান্ত ও শেখার অসংখ্য মুহূর্ত। আমাদের নতুন এই পডকাস্ট শোতে তাঁরা শুধু সফলতার গল্পই বলবেন না, বরং সেই সফলতার পেছনের বাস্তব যাত্রা, চ্যালেঞ্জ ও মানুষ হিসেবে বেড়ে ওঠার অভিজ্ঞতাও শেয়ার করবেন।’
তিনি বলেন, ‘আমাদের বিশ্বাস, আয়োজনটি নতুন প্রজন্মকে অনুপ্রাাণিত করার পাশাপাশি সমাজে নারীর অবদান ও নেতৃত্ব নিয়ে আরও অর্থবহ আলোচনার সুযোগ তৈরি করবে।’
বিভিন্ন পর্বে অতিথি হিসেবে থাকবেন সাবেক টেবিল টেনিস চ্যাম্পিয়ন ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ জোবেরা রহমান লিনু, একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী ও নৃত্যাঞ্চলের প্রতিষ্ঠাতা শামীম আরা নিপা, ওয়ান্ডার উইমেনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাবিরা মেহরিন সাবা প্রমুখ।