তরঙ্গ ও লাইসেন্স ফিতে ভ্যাট রেয়াত পাবে না মোবাইল অপারেটররা
তরঙ্গ বরাদ্দ, লাইসেন্স নবায়ন ফিসহ বিভিন্ন সেবামূল্যের বিপরীতে মোবাইল নেটওয়ার্ক অপারেটরগুলো মূল্য সংযোজন করে (মূসক বা ভ্যাট) রেয়াত পাবে না।
হাইকোর্টের পৃথক চারটি রায়ের বিরুদ্ধে পক্ষগুলোর করা পৃথক আপিল ও লিভ টু আপিলের শুনানি শেষে আজ মঙ্গলবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ এ বিষয়ে রায় দেন। আইনজীবীরা বলছেন, রায়ের ফলে অপারেটরগুলো ভ্যাট রেয়াত পাবে না।
হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আপিল করেছিল। আদালতে এনবিআরের পক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন শুনানি করেন। গ্রামীণফোনের পক্ষে আইনজীবী মুস্তাফিজুর রহমান খান, রবির পক্ষে তানজিব উল আলম ও বাংলালিংকের পক্ষে মো. আসাদুজ্জামান শুনানিতে ছিলেন। বিটিআরসির পক্ষে শুনানি করেন সংস্থাটির আইনজীবী খন্দকার রেজা-ই রাকিব, সঙ্গে ছিলেন আইনজীবী রেজা–ই রাব্বী খন্দকার ও নাদিয়া নাজনীন।
অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন প্রথম আলোকে বলেন, সরকার যে তরঙ্গ বরাদ্দ করে, সে জন্য গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের কাছ থেকে মূল্য নেওয়া হয়। লাইসেন্সের জন্য ফি ধার্য করা হয়। এর সঙ্গে ভ্যাট যুক্ত করা হয়। আপিল বিভাগ মুঠোফোন অপারেটরগুলোর আবেদন খারিজ করে দিয়েছেন। ফলে প্রতিষ্ঠানগুলো ভ্যাট রেয়াত পাবে না।
গ্রামীণফোনের আইনজীবী মুস্তাফিজুর রহমান খান প্রথম আলোকে বলেন, ‘ইতিমধ্যে ভ্যাট দিয়ে দেওয়া হয়েছে। তবে রেয়াত পাব না।’
বিটিআরসির আইনজীবী খন্দকার রেজা-ই রাকিব প্রথম আলোকে বলেন, তরঙ্গ বরাদ্দ, রাজস্ব বণ্টন, লাইসেন্স নবায়ন ফিসহ বিভিন্ন খাতে তিনটি অপারেটরের কাছে বিটিআরসির পাওনা ২ হাজার ২০০ কোটি টাকার মতো। এর সঙ্গে এমসিএফ বাবদ আরও ৩০০ কোটি টাকা হবে। রায়ের প্রত্যয়িত অনুলিপি পাওয়ার পর পাওনা টাকা দাবি করা হবে।