ট্রাইব্যুনালে বিচারপতি বললেন, হয় হেঁটে আসব, নয় ঠেলাগাড়ি দিয়ে আসব

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকোলাজ: বাসস

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসার পথে গাড়ি নষ্ট হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো.আমিনুল ইসলামের উদ্দেশে তিনি বলেছেন, ‘হয় হেঁটে আসব, নয় ঠেলাগাড়ি দিয়ে আসব। উপর মহলে জানিয়ে দেন।’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আজ সোমবার বিচারকাজ শুরু হলে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী প্রথমেই এ কথা বলেন।

সকালে ট্রাইব্যুনাল-২-এ বিচারকাজ শুরু হওয়ার আগে এজলাসে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামসহ অন্য প্রসিকিউটররা। পরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর নিজেদের আসন গ্রহণ করেন।

এ সময় প্রথমে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেন, চিফ প্রসিকিউটর এখানে উপস্থিত আছেন। আজকে আসার পথে রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেছে। পরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের গাড়ি দিয়ে ট্রাইব্যুনালে আসতে হয়েছে। কোর্ট রুমের অবস্থাও ভালো না। এ সময় একপর্যায়ে ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেন, ‘হয় হেঁটে আসব, নয় ঠেলাগাড়ি দিয়ে আসব। উপর মহলে জানিয়ে দেন।’

তখন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, তিনি দেখবেন কতটুকু কী করা যায়।

ট্রাইব্যুনাল-২–এর এজলাসকক্ষের এসি (শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্র) গতকাল রোববার নষ্ট হয়ে যায়। পরে অনেকক্ষণ এসি ছাড়াই বিচারকাজ চলে। এ সময় গরমে অনেকেই ঘামতে থাকেন। বিচারকাজ চলার এক পর্যায়ে এসি ঠিক হয়। আজও বিচারকাজ চলার সময় ট্রাইব্যুনাল-২-এর এসি নষ্ট হয়ে যায়।