যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সেনাবাহিনীর ইফতার ও নৈশভোজ
মহান স্বাধীনতাযুদ্ধের বীর সেনানি ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার ও নৈশভোজের আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে এই অনুষ্ঠান হয়।
ইফতার মাহফিলে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান উপস্থিত অতিথিদের পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানান। তিনি তাঁর বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সেনাবাহিনীর সূচনালগ্নে তাঁদের অনন্য অবদানের কথা স্মরণ করে সেনাপ্রধান আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানের শুরুতে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে বক্তব্য দেন মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আজিজুর রহমান বীর উত্তম। তিনি মুক্তিযোদ্ধাদের সম্মানে এই বিশেষ আয়োজন করার জন্য সেনাবাহিনীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ইফতারের পর দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।