জনবান্ধব ও কার্যকর সেবা নিশ্চিত করতে সব ক্যাডারের মধ্যে সমতা আনা এবং ন্যায্যতা নিশ্চিত করতে আন্তক্যাডার বৈষম্য দূর করতে হবে। পদ ছাড়া পদোন্নতি হয় বন্ধ করতে হবে, না হয় সব ক্যাডারের জন্য একই নীতি বাস্তবায়ন করতে হবে। আর উপসচিব পুলে যাওয়া সংশ্লিষ্ট ক্যাডারের কর্মকর্তাদের মন্ত্রণালয়ে পদায়ন করতে হবে।
আজ শনিবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘জন-আকাঙ্ক্ষা পূরণে প্রত্যাশিত সিভিল সার্ভিস’ শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা বলেন। আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদের উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়। পরে পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
সেমিনারে বক্তারা বলেন, কার্যকর জনসেবা নিশ্চিত করতে প্রতিটি মন্ত্রণালয়ে নিজ নিজ ক্যাডারের অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তাদের পদায়ন করতে হবে। বর্তমানে দেখা যায়, কৃষি ক্যাডার থেকে উপসচিব পুলে যাওয়া কর্মকর্তাকে নৌপরিবহনে, শিক্ষা থেকে যাওয়া কর্মকর্তাকে পানিসম্পদে, স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তাকে তথ্য মন্ত্রণালয়ে পদায়িত করা হচ্ছে, পরে আবার বলা হচ্ছে যে ওই কর্মকর্তারা কর্মদক্ষ নন। এর ফলে পুলের মূল উদ্দেশ্য ব্যর্থ হচ্ছে এবং জাতিও অভিজ্ঞ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। বৈষম্যহীন জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে প্রত্যেকটি মন্ত্রণালয় সংশ্লিষ্ট ক্যাডারের কর্মকর্তা দিয়ে পরিচালনা এবং কোটামুক্ত মেধাভিত্তিক উপসচিব পুল অত্যন্ত জরুরি।
সেমিনারে বক্তারা আরও বলেন, দক্ষ, পেশাদার ও গতিশীল সিভিল সার্ভিস ব্যবস্থা গড়ে তুলতে যথাসময়ে পদোন্নতিসহ সব ক্যাডারের মধ্যে সমতার প্রয়োজন। একই দেশে একটি ক্যাডারের কর্মকর্তারা পদ না থাকা সত্ত্বেও পদোন্নতি পাবেন, আর অন্য ক্যাডারের কর্মকর্তারা পদ থাকা সত্ত্বেও পদোন্নতি পাবেন না, এটা কোনো আধুনিক প্রশাসনব্যবস্থা হতে পারে না। এ অনিয়ম দূর করা উচিত। সব ধরনের কোটা বিলোপের মাধ্যমে মেধাভিত্তিক জনপ্রশাসন গড়তে তুলতে হবে।
সেমিনার আয়োজন কমিটির আহ্বায়ক মুহাম্মদ আহসান হাবিবের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মুহম্মদ মফিজুর রহমান। সেমিনারে আলোচনায় অংশ নেন লেখক ও কলামিস্ট ফিরোজ আহমেদ, অধ্যাপক নাসরিন বেগম, আহমেদ আলী চৌধুরী ইকবাল, অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ জেলা জজ শাহজাহান সাজু, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তুহিন ওয়াদুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহবুবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সাদেকুর রহমান প্রমুখ। সেমিনার সঞ্চালনা করেন আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সহসমন্বয়ক মোহাম্মদ শাহাদাত হোসেন ও তাহসীন তাবাসসুম।