‘ঢাকায় তোর কাজ কী’ বলতে বলতে ধরে নিয়ে গেল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে এক ব্যক্তিকে এভাবেই টেনেহিঁচড়ে নিয়ে যায় পুলিশ। ঢাকা, ২৮ অক্টোবর
ছবি: প্রথম আলো

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে ধরে নিয়ে গেছে শাহবাগ থানার পুলিশ। এ সময় পুলিশের এক সদস্য ওই ব্যক্তিকে ‘ঢাকার বাইরে থেকে কেন এসেছিস? ঢাকায় তোর কাজ কী?’ বলতে বলতে পুলিশের গাড়িতে তোলেন।

আজ শনিবার বিকেল সোয়া চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে রফিকুল ইসলাম নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় সাংবাদিকেরা প্রশ্ন করলে ওই ব্যক্তি নিজেকে নারায়ণগঞ্জের বাসিন্দা এবং হকার বলে পরিচয় দেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সোয়া চারটার দিকে পুলিশের এক সদস্য ও একজন আনসার সদস্য খালি গায়ে থাকা এক ব্যক্তিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ থেকে টেনেহিঁচড়ে বের করেন। এ সময় ওই ব্যক্তি ‘আমারে বাঁচান, আমি কিছু করি নাই’ বলে মিনতি করছিলেন। কিন্তু ওই পুলিশ ও আনসার সদস্য তাঁকে টেনেহিঁচড়ে নিয়ে যেতে থাকেন। এ সময় পুলিশ সদস্য ওই ব্যক্তিকে ‘ঢাকার বাইরে থেকে কেন এসেছিস? ঢাকায় তোর কাজ কী?’—এসব বলছিলেন। পুলিশের গাড়িতে তোলার সময় রফিকুল বলতে থাকেন, ‘আমি হকার। আমার টাকা নাই চিকিৎসা করার।’

আরও পড়ুন

ওই ব্যক্তিকে আটকের বিষয়ে সাংবাদিকদের কিছু বলেননি পুলিশের ওই সদস্য। এ বিষয়ে জানতে মুঠোফোনে কল করা হলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ ফোন রিসিভ করেননি।

আরও পড়ুন

এদিকে ঢাকায় বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অনেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসা নিচ্ছেন পুলিশের আহত সদস্যরাও। নয়াপল্টনে আহত কয়েকটি গণমাধ্যমের সাংবাদিকও ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন। বিকেল সাড়ে চারটার দিকে মেডিকেলের জরুরি বিভাগের ফটকে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দিতে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একদল নেতা-কর্মীকে।