পৃথক মামলায় সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানার জামিন স্থগিত
পৃথক মামলায় একাত্তর টেলিভিশনের সাবেক বার্তাপ্রধান শাকিল আহমেদ এবং সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রুপার জামিন স্থগিত হয়েছে। হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক ১০টি আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক আজ রোববার এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আইনজীবীর তথ্য অনুসারে, এর আগে ছয় মামলায় শাকিল আহমেদ ও সাত মামলায় ফারজানা রুপা হাইকোর্টে জামিন চেয়ে আলাদাভাবে ১৩টি আবেদন করেন। এর মধ্যে ছয় মামলায় শাকিল-ফারজানা উভয়েই আসামি হিসেবে রয়েছেন। শুনানি নিয়ে গত ১১ মে হাইকোর্ট পাঁচ মামলায় রুলসহ শাকিল আহমেদকে এবং ছয় মামলায় ফারজানা রুপাকে অন্তর্বর্তী জামিন দেন। যাত্রাবাড়ী থানায় হত্যার অভিযোগে করা অপর এক মামলায় শাকিল-ফারজানার জামিন প্রশ্নে রুল দেন।
শাকিল-ফারজানাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ পৃথক ১০টি আবেদন করে, যা আপিল বিভাগের চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে। আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন শুনানি করেন। শাকিল ও ফারজানার পক্ষে শুনানি করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।
পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন প্রথম আলোকে বলেন, হত্যার অভিযোগে করা পৃথক পাঁচটি মামলায় তাঁরা (শাকিল-ফারজানা) উভয়েই আসামি। ৫টি মামলায় তাঁদের জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ পৃথক ১০টি আবেদন করে। শুনানি নিয়ে চেম্বার আদালত পাঁচ মামলায় তাঁদের জামিন স্থগিত করেছেন। এ–সংক্রান্ত রুল শুনানির জন্য হাইকোর্টে পাঠিয়ে দিয়েছেন।
শাকিল বার্তাপ্রধান হিসেবে ও ফারজানা প্রধান প্রতিবেদক হিসেবে একাত্তর টেলিভিশনে কাজ করছিলেন। ২০২৪ সালের ৮ আগস্ট তাঁদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। ২১ আগস্ট তাঁদের ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর উত্তরায় ফজলুল করিম নামের একজনের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর তাঁদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কয়েক দফায় রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তাঁরা কারাগারে।