শিক্ষায় তিন অগ্রাধিকারের কথা জানালেন শিক্ষামন্ত্রী
প্রাথমিক পর্যায়ে শিক্ষা মন্ত্রণালয়ের তিনটি অগ্রাধিকারের কথা জানিয়েছেন নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এগুলো হলো—এক. শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনতে উপযোগী পরিবেশ সৃষ্টি; দুই. জাতীয় শিক্ষাক্রম রিভিউ ও পরিমার্জন এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন করা।
আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক ও প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষা খাতের চলমান কার্যক্রম ও সংস্কার পরিকল্পনা তুলে ধরেন। এ সময় তাঁরা সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। পরে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক বলেন, অতীতে কিছু অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্ত, যেমন পরীক্ষা বন্ধ, ‘অটো পাস’—এমন বিভিন্ন সিদ্ধান্ত বিশেষ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নেওয়া হয়েছিল। তবে সেগুলো কখনোই কাঙ্ক্ষিত বা স্থায়ী সমাধান ছিল না। বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে শিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী, মানসম্মত ও জবাবদিহিমূলক কাঠামোর মধ্যে আনা। আসন্ন এসএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রশ্নপত্র প্রণয়ন ও বিতরণপ্রক্রিয়ায় যেন কোনো ধরনের অনিয়ম বা প্রতিবন্ধকতা না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট বিভাগগুলোকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
শিক্ষকদের দলীয়করণ ও শ্রেণিকক্ষ ছেড়ে রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ প্রসঙ্গে নতুন শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকতার মূল দায়িত্ব হলো শিক্ষার্থীদের পাঠদান। দাবিদাওয়া থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে, কিন্তু ক্লাস ফেলে রাজপথে নামা গ্রহণযোগ্য নয়। সরকার শিক্ষকদের যথাযথ সম্মান ও দাবি বিবেচনায় নিয়ে সমাধানের পথেই অগ্রসর হবে।
জাতীয় শিক্ষাক্রম পর্যালোচনা ও পরিমার্জনের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের শিক্ষাক্রম বিশেষজ্ঞদের সমন্বয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। শিক্ষা কমিশন গঠনের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে বলে মন্ত্রী উল্লেখ করেন। ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে।
বেসরকারি শিক্ষকদের অবসর ও কল্যাণভাতা দীর্ঘদিন বন্ধ থাকার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, এই ট্রাস্ট দ্রুত পুনর্গঠন ও বকেয়া ভাতা পরিশোধের ব্যবস্থা নেওয়া হবে। এটি সরকারের তাৎক্ষণিক অগ্রাধিকার তালিকায় রয়েছে।
সরকার ঘোষিত ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ কর্মসূচি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক ও মাধ্যমিক—সব পর্যায়ের শিক্ষকদের জন্য এ উদ্যোগ নেওয়া হবে।
এ সময় লিখিত বক্তব্যে শিক্ষা নিয়ে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন নতুন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, ‘আমরা শিক্ষা নিয়ে রাজনীতি করব না, আমরা শিক্ষা নিয়ে রাষ্ট্র গড়ব।’